ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

এবার ভিন্ন লুকে হাজির দীপিকা

এবার ভিন্ন লুকে হাজির দীপিকা
×

দীপিকা পাডুকোন- ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৫:০৪

মহাভারতের কথা তো অনেকেরই জানা। তবে সে কাহিনী বরাবর দেখানো হয়েছে পুরুষের চোখ দিয়ে। কিন্তু দ্রৌপদী যদি সে গল্প বলেন! হ্যাঁ ঠিক এমনটাই করতে চান বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন।

শুক্রবার নতুন এই কাজের সুখবর দেন ৩৩ বছর বয়সী এই তারকা।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি প্রযোজনা করবেন দীপিকা নিজেই। এটি দুই কিংবা তিন ভাগে তৈরি হবে। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে,  বড় পর্দায় দ্রৌপদী  মুখ দিয়েই মহাভারতের কথা শোনাবেন দীপিকা। মূল চরিত্রে তো থাকছেনই। সেই সঙ্গে প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাবেন। দীপিকা নিজেই জানিয়েছেন সে কথা। ছবিটিতে দীপিকার সহ-প্রযোজক থাকছেন 'গজিনি' ও কলকাতার 'অটোগ্রাফ' খ্যাত মধু মান্টেনা।

তবে ছবির পরিচালনায় কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে তাতে কী! এই প্রজেক্ট নিয়ে দীপিকা নিজে খুবই উৎসাহিত। তার ভাষ্য, ‘দ্রৌপদীর রোল করতে পারব, তা ভেবেই থ্রিলড। সেই সঙ্গে সম্মানিতও বোধ করছি।’ তিনি বলেন, ‘একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে এই গল্প বলা হবে, সেটাই বেশ ইন্টারেস্টিং, সেই সঙ্গে তাৎপর্যপূর্ণ তো বটেই।'

দীপিকার মতো মহাভারতের ফিল্মি অবতার নিয়ে কম উৎসাহ নেই মধু মন্টেনার। দীপিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, 'দীপিকা শুধুমাত্র দেশের সবচেয়ে বড় তারকাই নন। যে কোনও ন্যারেটিভকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন।' মধু আরও উল্লেখ করেছেন, দীপিকা না থাকলে নাকি এ ফিল্মটা তৈরিই হত না।

দ্রৌপদীর স্বামী অর্জুন কে হবেন তা এখনও জানা যায়নি। একইভাবে পরিচালকের নামও জানানো হবে কিছুদিন পর।

এদিকে প্রযোজক হিসেবে দীপিকার প্রথম ছবি ‘ছাপ্পাক’ প্রেক্ষাগৃহে আসবে ২০২০ সালের জানুয়ারিতে। মেঘনা গুলজারের পরিচালনায় এতে এসিড সন্ত্রাসের শিকার মালতি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়া ভারতের প্রথমবার বিশ্বকাপ জয় অবলম্বনে নির্মিত দীপিকার ‘এইটি থ্রি’ মুক্তি পাবে আগামী বছর। এতে তাকে দেখা যাবে সাবেক ক্রিকেটার কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায়। আর কপিল চরিত্রে অভিনয় করেছেন দীপিকার স্বামী রণবীর।

আরও পড়ুন

×