নৃত্যদিবসে সম্মানানা পেলেন শামীম আরা নীপা
শামীম আরা নীপা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ২১:০৯
নাচের ছন্দে শান্তির বার্তা আর অভয় বাণী শুনিয়ে এবার আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এ বছর সম্মাননা জানানো হয় একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু শামীম আরা নীপাকে।
সোমবার মঙ্গল নৃত্য, আনন্দ শোভাযাত্রা, পদক বিতরণ ও আলোচনাসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া নৃত্য দিবসে বুলবুল চৌধুরী স্মৃতি পদক-২০২২ পান ইলিয়াস হায়দার এবং ২০২৩ পান নিগার চৌধুরী।
অনুভূতি জানিয়ে শামীম আরা নীপা বলেন, ‘যে কোন পুরস্কার প্রাপ্তিই আনন্দের। কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। আমি ভীষণভাবে আপ্লুত। পুরস্কার বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। তবে নিজের লোকেরা যখন সম্মান জানায়, এর চেয়ে বড় পুরস্কার আর নাই। সত্য, সুন্দর ও মানবিকতার লক্ষ্যে নৃত্য নিয়ে কাজ করে যাব, এই আমার ইচ্ছা।’
প্রসঙ্গত,ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের আহ্বানে ১৯৮২ সাল থেকে বিশ্বব্যাপী ২৯ এপ্রিল উদ্যাপন করা হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে। ইউনেস্কো এদিনটি আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে নির্ধারণ করেছে। বাংলাদেশে দিবসটি পালিত হয়ে আসছে ১৯৯৫ সাল থেকে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা গত ২৩ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী আয়োজন শুরু করে, যার পর্দা নামে গতকাল।
- বিষয় :
- শামীম আরা নীপা