ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

শিল্পীদের নির্বাচনে ওপর মহলের চাপ, বললেন মৌসুমী

শিল্পীদের নির্বাচনে ওপর মহলের চাপ, বললেন মৌসুমী
×

মনোনয়নপত্র জমা দিচ্ছেন মৌসুমী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৫:২৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০৭:১৮

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।

বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে গিয়ে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মৌসুমী বলেন, শিল্পী সমিতির নির্বাচনে ওপর মহলের চাপ রয়েছে।

তিনি বলেন, 'শিল্পী সমিতি একটি পরিবার। সমিতির শুরু থেকে এমনটাই জেনে এসেছি আমরা সবাই। সেই আবেগ থেকেই বহুবার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিতও হয়েছি। কিন্তু এবার নির্বাচন করতে এসে অনেক কিছু দেখছি, যা একজন শিল্পী হিসেবে আমি প্রত্যাশা করিনি। অথচ আমাদের সিনেমার শিল্পীদের নির্বাচন এটি। এখানে আনন্দ হবে, উৎসব হবে। শিল্পীরা হাসতে হাসতে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নানাভাবে। এখানে অদৃশ্য ওপর মহলকে ব্যবহার করে প্রভাব খাটানো হচ্ছে, যা আমাকে অবাক করেছে, হতাশ করেছে।'

প্রিয়দর্শিনীখ্যাত এ নায়িকা আরও বলেন, 'অনেক সদস্য মিলে একটি চমক জাগানিয়া প্যানেল তৈরি করেছিলাম আমরা। কিন্তু আড়ালে থেকে একটি মহল এখানে বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। একটা সময় দেখলাম নির্বাচনে আমি একা। আর কেউ নেই আমার পাশে। মজার ব্যাপার হলো– যারা আমাকে সভাপতি পদে নির্বাচন করতে পরামর্শ ও সাহস দিয়েছিলেন তারাও আমার সঙ্গে নির্বাচনে নেই।'

মৌসুমী বলেন, 'আমি বুঝতে পারছি না শিল্পী সমিতির নির্বাচনে জিতে কী এমন হবে যে ওপর মহলকে এভাবে কাজে লাগাতে হবে? আমার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে ডি এ তায়েবের নির্বাচন করার কথা। তাকেও নানাভাবে বাধা দেয়া হচ্ছে।'

শিল্পী সমিতিতে একটি সুন্দর নেতৃত্ব চান জানিয়ে মৌসুমী বলেন, 'এজন্যই সরে যাইনি। একা একা হলেও নির্বাচনে থাকবো। আমাকে শিল্পীরা সমর্থন দিয়েছেন, এটাই আমার প্রেরণা। শিল্পীদের সমিতিতে বাইরের প্রভাব কাটাতে শিল্পীরা এক হয়ে আমাকে নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি।'

আগামী ২৫ অক্টোবর হবে শিল্পী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিনে ব্যান্ড পার্টি বাজিয়ে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন সভাপতি পদে মৌসুমী ও মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা, জায়েদ খান ও ডি এ তায়েব। অন্যদের মধ্যে ডিপজল, ইমন, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, অঞ্জনা, রোজিনাসহ একঝাঁক শিল্পীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন

×