ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জয়ার বিনিময়ে জয়া

জয়ার বিনিময়ে জয়া
×

জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:০৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:৩৪

বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই কাজ নিয়ে ব্যস্ত তিনি। এবার সাফটা চুক্তির আওতায় দুই জায়গাতেই মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ছবি। বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছে জয়া অভিনীত ছবি খাঁচা, আর ভারত থেকে আসছে ‘কণ্ঠ’।

‘কণ্ঠ’ ছবি বাংলাদেশে আমদানি করছে ইমপ্রেস টেলিফিল্ম। সবকিছু ঠিক থাকলে ছবিটি নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  বলে ইমপ্রেস টেলিফিল্ম এর পক্ষ থেকে জানানো হয়েছে।

চলতি বছরের ১০ মে মাসে ভারতে মুক্তি পায় ‘কণ্ঠ’। সেই থেকে এখনো কলকাতার প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এছাড়া মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ‘কণ্ঠ’।

একজন রেডিও জোকি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্পে ‘কণ্ঠ’ নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সিনেমাটিতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন পাওলি দাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

আর  ‘১৯৪৭-এর দেশভাগের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘খাঁচা’। বারবার দেশত্যাগের চেষ্টা করছে একটি পরিবার। কিন্তু বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তারা। আর এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম,মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।



আরও পড়ুন

×