‘ন ডরাই’- এর যন্ত্রণা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০২:৩৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০২:৪২
বাংলাদেশে প্রথমবারের মতো বৃহত্তর চট্টগ্রামের ভাষায় সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। ছবির নামও তিনি রেখেছেন চট্টগ্রামের ভাষায়। ‘ন ডরাই’। যার অর্থ হচ্ছে ‘ভয় করি না’। ছবিটি নির্মাণও হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে। যার বিষয় সার্ফিং। ছবিটি প্রযোজনা করেছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম গান ‘যন্ত্রণা’। গানটির সুর, সঙ্গীত ও কথা লিখেছেন মহন শরীফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জেফার। হাহাকার ভরা গানটির কথায় একজন মানুষের যন্ত্রণা ফুটে উঠেছে।
‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন ভারতের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শরিফুল রাজ ও সুনেরা বিনতে কামাল। এই ছবির মাধ্যমেই দুজনই প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন।
ছবির ইংরেজি নাম ‘ডেয়ার টু সার্ফ’। এর আগে বিশ্ব সার্ফিং দিবস উপলক্ষে এদিন আনুষ্ঠানিকভাবে ছবির পোস্টার ও ট্রেলারও উন্মোচিত হয়। এ নভেম্বরে ছবিটি মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছে ন ডরাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।
- বিষয় :
- ন ডরাই
- যন্ত্রণা
- সার্ফিং নিয়ে চলচ্চিত্র