ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আইসিইউতে ভর্তি

তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আইসিইউতে ভর্তি
×

তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০১:১১

কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

রোববার ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভিসহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যম খবরটি প্রচার করে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশের কথাও জানানো হয়।

ওস্তাদ জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়ার বরাত দিয়ে রোববার পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী জাকির হোসেন হৃদ্‌যন্ত্রের সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি হন।

ওস্তাদ জাকির হোসেনের ম্যানেজার নির্মলা বাচানী পিটিআইকে বলেন, ‘হৃদ্‌যন্ত্রের সমস্যার জন্য দুই সপ্তাহ ধরে তিনি সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি আছেন।’

আমির আউলিয়া নামের একজন এক্সে এক পোস্টে বলেছেন, তিনি জাকির হোসেনের ভাতিজা। জাকির হোসেন মারা যাননি। চাচার শারীরিক সুস্থতার জন্য তাঁরা সবার কাছে দোয়া প্রার্থনা করছেন।

জাকির হোসেনকে ঘিরে প্রচারিত ভুল তথ্য সরিয়ে দেওয়া আহ্বান জানিয়ে আমির আউলিয়া বলেছেন, তিনি সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। বিশ্বব্যাপী তাঁর যেসব ভক্ত–অনুরাগী আছেন, সবার কাছে তাঁর জন্য দোয়া চাইছেন।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সাসে তিনি আমেরিকার সর্বোচ্চ বেসমারিক সম্মান পান। এছাড়া তিনবার গ্রামি পেয়েছিলেন তিনি। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান আসেনি।

আরও পড়ুন

×