ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রতিযোগির আচরণে ক্ষুব্ধ মালাইকা

প্রতিযোগির আচরণে ক্ষুব্ধ মালাইকা
×

মালাইকা আরোরা

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৭:২৭ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ১৯:০৩

‘না বুঝে অনেক কিছুই করে ফেলে শিশু-কিশোররা। এ জন্য অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও এ নিয়ে মনের মধ্যে রাগ পুষে রাখিনি। বরং প্রতিযোগিদের এই পরামর্শ দিয়েছি যে, কোনো কিছু করার আগে সেটি উচিত না অনুচিত– অভিভাবকদের কাছ থেকে তা জেনে নেওয়া জরুরি। তা না হলে আগামীতে অনেকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। একজন বিচারক হিসেবে এই বিষয়টি প্রতিযোগিদের স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া দায়িত্ব বলেই মনে করেছি।’

‘হিপহপ ইন্ডিয়া’-তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এটাই ছিল বলিউড অভিনেত্রী ও কোরিওগ্রাফার মালাইকা আরোরার বক্তব্য। 

এই রিয়েলিটি শো-এর দ্বিতীয় সিজনে তিনি বিচারকের দায়িত্ব পালন করছেন। সে দায়িত্ব পালন করতে গিয়েই এবার নতুন এক অভিজ্ঞতা হয়েছে তাঁর। হঠাৎ করেই প্রতিযোগির অচরণে ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা গেছে বিচারকের আসনে থাকা মালাইকাকে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ঘটনাটি কয়েকদিন আগের। সেদিন নাচের রিয়েলিটি ‘হিপহপ ইন্ডিয়া’-তে রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন মালাইকা অরোরা। মঞ্চে তখন পারফর্ম করতে এসেছে ১৬ বছরের এক কিশোর প্রতিযোগী। মালাইকাকে দেখে হঠাৎই যেন সে মাত্রাতিরিক্ত উৎসাহী। নাচতে নাচতে অভিনেত্রীর উদ্দেশে চুম্বন ছুড়ে সে! চোখের ইশারা করে। ব্যস, সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন অভিনেত্রী। রাগের চোটে ক্যামেরার সামনে বকাবকি করতে থাকেন। সেই ভিডিও এখন ভাইরাল। সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরের আচরণ নিয়েও চলছে সমালোচনা।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী মত প্রকাশ করছে, তা নিয়ে ভাবছেন না মালাইকা; বরং বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা না করার অনুরোধ জানিয়েছেন।

মালাইকার কথায়, ‘নাচকে জীবন্ত করে তুলতে আমরাও মাঝে মাঝে অভিনয় করি। উড়ন্ত চুম্বন ছুড়ে দিই দর্শকের দিকে। চোখের ইশারাও করি। কিন্তু সেদিন প্রতিযোগী ছেলেটি যা করেছে, তা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে বলেই মনে করি। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এই আচরণ মানায়? একদম মানায় না।’

এই অভিনেত্রী আরও জানিয়েছেন, প্রথম থেকেই প্রতিযোগী ছেলেটির হাবভাব অন্য রকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত ছেলেটি চোখে চোখ রেখে নেচেছে। এক মুহূর্তের জন্যও তাঁর দিক থেকে দৃষ্টি সরায়নি। এর সঙ্গে ছিল নিন্দনীয় অঙ্গভঙ্গি। যা তাঁকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল বলেও স্বীকার করেছেন মালাইকা। তবে পুরো বিষয়টির সঠিক সমাধানে প্রতিযোগিদের এক করে সৎ পরামর্শ দিতেও দেরি করেননি।

এমনকি সেই কিশোর প্রতিযোগিকে উদ্দেশ করে এও বলেছেন, ‘ওর নাচ নিখুঁত। পারফরম্যান্সে কোনো ফাঁকি নেই। সুযোগ পেলে সে আগামী দিনে অনেক বড় নৃত্যশিল্পী হয়ে উঠতে পারবে।’
 

আরও পড়ুন

×