‘কাপুরুষোচিত কাজ’ লিখেই মুছে ফেলেছেন মাহিরা খান
মাহিরা খান। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ১৩:১৮
অনেক দিন বড় পর্দায় দেখা মেলেনি মাহিরা খানের। আলোচনাতেও ছিলেন না এই পাকিস্তানি অভিনেত্রী। এবার আলোচনায় এলেন ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে দুর্বৃত্তদের হামলার নিন্দা জানাতে গিয়ে। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় দুর্বৃত্তরা ধর্মের নামে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা নিয়ে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তারকারাও তীব্র নিন্দা জানিয়েছেন। মাহিরা খান সামাজিক যোগাযোগমাধ্যমে
একটি পোস্টে লিখেছেন, ‘বিশ্বে যে কোনো প্রান্তে যে কোনো রকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়। পহেলগাঁও কাণ্ডে যারা ভুক্তভোগী, তাদের সবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’
লেখার সঙ্গে মন ভাঙার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। সে পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু নেটিজেনরা যখন দেখেছেন, মাহিরা তাঁর পোস্ট মুছে ফেলেছেন, তখন রীতিমতো অবাক হয়েছেন। কেন কিছু সময় পরেই শোকবার্তা সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেছেন, সেই প্রশ্নে পড়ে গেছে শোরগোল। নেট দুনিয়ার অনেকে প্রশ্ন ছুড়েছেন, কার ভয়ে পোস্ট ডিলিট করলেন মাহিরা খান? কেউ আবার পাকিস্তান সরকারের অবস্থানের প্রসঙ্গ টেনে এনেছেন। আবার কারও মত, নিজ দেশে চাপের মুখে পড়েই হয়তো বাধ্য হয়েছেন পোস্ট মুছে দিতে! যদিও মাহিরা পোস্ট মুছে ফেলার পর বিতর্কে জড়িয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’ করার চেষ্টা করেননি। তাই কী কারণে অভিনেত্রী তাঁর পহেলগাঁও শোকবার্তার পোস্ট মুছে ফেলেছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে।
এদিকে বুধবার বিকেলে ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পতি পাকিস্তানি তারকাদের ভারতীয় সিনেজগতে প্রবেশ চিরতরে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। এতে বন্ধ হয়ে গেল মাহিরার বলিউডে প্রবেশের দুয়ার। পাকিস্তানি এই অভিনেত্রী বলিউড সিনেমা ‘রইস’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন।
- বিষয় :
- মাহিরা খান