ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাক্ষাৎকার

চিরতরে বন্ধ হতে যাচ্ছে গান চুরি: হামিন আহমেদ

চিরতরে বন্ধ হতে যাচ্ছে গান চুরি: হামিন আহমেদ
×

হামিন আহমেদ

রাসেল আজাদ বিদ্যুৎ

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১৩:৪২

হামিন আহমেদ। তারকা কণ্ঠশিল্পী, সংগীতায়োজক ও দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের অন্যতম সদস্য। সম্প্রতি রুটনোট প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া ভিন্ন ধাঁচের গান ‘খুঁজি তোমায়’। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন রাসেল আজাদ বিদ্যুৎ  

হঠাৎ করে ওয়ারফেজ ব্যান্ডের শিল্পী পলাশ নূরের সঙ্গে গাওয়া, নাকি আগে থেকেই পরিকল্পনা ছিল?
কিছু পরিকল্পনা হঠাৎ করেই মাথায় আসে। আমরা গানের মানুষেরা যখন আড্ডায় বসি, গান নিয়ে আলোচনা করি, তখন আপনা-আপনি নতুন কিছু করার পরিকল্পনা চলে আসে। ‘খুঁজি তোমায়’ গানের বেলাতেও সেটাই হয়েছে। এই গানের সুর করার পরই পলাশ নূর আমাকে প্রস্তাব দিয়েছিল গিটার বাজানোর পাশাপাশি গানটি গাওয়ার। গান শুনে আমারও ভালো লেগেছিল। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান রুটনোট প্রোডাকশনসের ইমরানও চাইছিল, সময়ের আলোচিত কয়েকজন মিউজিশিয়ানের সম্মিলিত একটি আয়োজন তুলে ধরার। এরপর মাইলসের ড্রামার তুর্যকে সঙ্গে নিয়ে গানটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া। 

পলাশ নূর আপনার পরবর্তী প্রজন্মের শিল্পী। তাঁর কথা, সুর, সংগীত নির্দেশনায় গান গাওয়ার বিষয়টি শ্রোতা কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে ভেবেছিলেন কি?   
যখন ভালো কিছু হয়, তখন তার স্রষ্টা নবীন নাকি অনেক অভিজ্ঞ– সেই প্রশ্ন অবান্তর হয়ে যায়। ওয়ারফেজ ব্যান্ডের শিল্পী হিসেবে যোগ দেওয়ার অনেক আগেই পলাশ নিজস্ব এক পরিচিতি গড়ে তুলেছিল। বেশ কিছু মিক্সড অ্যালবাম তৈরি করেছিল সে, যেখানে তার সুরে গান গেয়েছিলেন দেশের তারকা শিল্পীরা। তারও আগে পলাশ আমার মনোযোগ কেড়েছিল ‘ডি-রকস্টার’ সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে। সেই আসরে পলাশের ব্যান্ড রেডিও অ্যাকটিভ রানারআপ হয়েছিল। প্রতিযোগিতার নেপথ্যের একজন ছিলাম আমি; যার সুবাদে আমার কাছে পলাশের প্রতিভা আলাদাভাবে ধরা দিয়েছিল। পরে গ্রামীণ ফোনের ডি’জুসের প্রচারণায় পলাশ মাইলস সদস্যদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছিল। এভাবেই পরিচয় গাঢ় হয়েছে। ওয়ারফেজ ব্যান্ডে দেওয়ার পর তো প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি ওর পারফরম্যান্সে। তাই অনুজ এই সংগীতযোদ্ধার সঙ্গে কাজের প্রস্তাবে দ্বিতীয়বার ভাবিনি। বরং ওকে সঙ্গী করে আনকোড়া কিছু করার সুযোগ পাচ্ছি– এটাই ভালো লাগার।

আগামীতে একক গান গাওয়ার ইচ্ছা কিংবা যৌথভাবে কিছু করার পরিকল্পনা আছে?
একক গান প্রকাশ করতেই পারি। আগেও তো বেশ কিছু মিক্সড অ্যালবামে গেয়েছি। কোলাবোরেশনেও আপত্তি নেই, যদি তা ভিন্ন ধাঁচের হয়। তবে সবকিছুর আগে মাইলসের আয়োজনগুলো প্রাধান্য দিতে চাই। কারণ একটাই, জীবনের প্রায় পুরোটাই কেটেছে মাইলসের সঙ্গে। এই ব্যান্ডের বাইরে এককভাবে পরিচিতি গড়ে তোলার ইচ্ছা কখনও ছিল না।

মাইলসের নতুন কোনো আয়োজন করছেন?
মাত্রই যুক্তরাষ্ট্র সফর করে এলাম। তাই ছোট্ট একটা বিরতি নিয়েছি। শিগগিরই মাইলসের নতুন আয়োজন নিয়ে পরিকল্পনা শুরু করব।  

যুক্তরাষ্ট্রে আগেও বহুবার সফর করেছেন। এবারের সফরে শ্রোতাদের কাছে কেমন সাড়া পেয়েছেন?
এবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করে যে সাড়া পেয়েছি, তা স্মরণীয় হয়ে থাকবে। আসলে স্বল্প কথায় বোঝানো যাবে না মার্কিন মুলুকের সফরটা কত রোমাঞ্চকর ছিল। তাই অন্য এক সময় বড় আকারে এই জার্নির গল্পটা তুলে ধরব।

গানের পাশাপাশি শিল্পী ও মিউজিশিয়ানদের মেধাস্বত্ব নিয়ে অনেক বছর ধরে আন্দোলন করছেন। শেষমেশ এই আন্দোলনের কী ফল পেলেন?
১২ বছরের মেধাস্বত্ব আন্দোলনে আমরা এখন সাফল্যের দ্বারপ্রান্তে। হয়তো কয়েক মাসের মধ্যে এর ফলাফল সবার চোখে পড়বে। বিএলসিপিএস [বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি] অথরিটির মাধ্যমেই শিল্পী ও সংগীত স্রষ্টারা তাদের প্রাপ্ত বুঝে নিতে পারবেন। মেধাস্বত্ব নিয়ে গানের ভুবনের বাসিন্দাদের আর হাহুতাশ করতে হবে না। সব রকমের বঞ্চনা থেকে তারা রেহাই পাবেন– এই আশা আমরা করতেই পারি। একইভাবে চিরতরে বন্ধ হতে যাচ্ছে গান চুরি। কেউ চাইলেও আর অন্য কারও গান চুরি করে যে কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করতে পারবে না। এর মাধ্যমে সংগীতে পেশাদারিত্বের পথ আরও মসৃণ হতে যাচ্ছে।

 
 

আরও পড়ুন

×