অভিভাবকরাও কি গুম হয়ে গেছে, প্রশ্ন প্রিন্স মাহমুদের
প্রিন্স মাহমুদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | ১৯:৪৮ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ | ১৯:৪৯
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে নানা গুজব ঘুরে বেড়াচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের নিয়ে মানুষের মনে উদ্বেগ ও অস্পষ্টতা রয়েছে। এ ইস্যুতে কথা বললেন দেশের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তথাকথিত ‘লাশ গুম’ বিতর্ক নিয়ে। আজ প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘যেসব অভিভাবকেরা সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’
প্রিন্স মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বিমান দুর্ঘটনার প্রথম দিন কিছুটা সমন্বয়হীনতা ছিল। প্রথমে হয়তো ঘটনার ভয়াবহতা সবাই উপলব্ধি করতে পারেননি। এমন ঘটনায় হয়তো সবাই হতভম্ব হয়ে গেছেন; কিন্তু গতকাল তো মৃত, আহতসহ সবার হিসাব তো দেওয়া যেত। আমার কাছে মনে হয়েছে, সমন্বয়হীনতা রয়েই গেছে। যে ঘটনা ঘটেছে, এ নিয়ে মানুষের উদ্বেগ–উৎকণ্ঠা কাজ করবে-এটাই স্বাভাবিক। আবার এটাকে ঠিকঠাকভাবে মোকাবিলা করাটাও রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আমি সে কারণে দুর্ঘটনায় আহত ও নিহত সবার তালিকা ঠিকঠাকভাবে দিতে বলেছি।’
এদিকে গতকাল ফেসবুকে এই গীতিকার ও সুরকার বলেন, ‘আজ রাজনৈতিক দোকান বন্ধ রাখেন’, চ্যালা চামুন্ডা নিয়ে হাসপাতালে যায়েন না। এইবার অন্তত মাফ করেন। কাজের মানুষদের কাজ করতে দেন। পারলে চেহারা না দেখায় পেছনে বসে সাহায্য করেন।’
প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। সবশেষ খবর অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ এবং চিকিৎসাধীন শতাধিক।
- বিষয় :
- প্রিন্স মাহমুদ
