কে হবেন সেরা রাধুঁনী,জানা যাবে আজ
সেরা রাধুঁনী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের তিন বিজয়ী। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ১৩:২৪
অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আজ ২৫ জুলাই রাতেই জানা যাবে কে হবেন ‘সেরা রাঁধুনী’ সিজন-৮ বিজয়ী। এ বছরের মার্চ মাসে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছিল রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’ সিজন-৮। সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগির মধ্য থেকে বিভিন্ন ধাপে প্রতিদ্বন্দীতা করে চূড়ান্ত পর্বে উঠে এসেছেন সেরা ৩ জন।
নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন, জুরাইরিয়া কামাল-এই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে’র প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আলোচিত এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি। জমকালো এ অনুষ্ঠানে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে নাচ-গানের আয়োজন। গান পরিবেশন করবেন হৃদয় খান, ইমরান ও কনা। নাচ পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল।
অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক মৌসুমী মৌয়ের সঙ্গে গ্র্যান্ড ফিনালে-তে উপস্থাপনায় থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রতিযোগিতার বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।
- বিষয় :
- সেরা রাঁধুনী প্রতিযোগিতা
- টিভি আয়োজন
