ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অপেশাদার আচরণের অভিযোগ, নিজের অবস্থান পরিষ্কার করলেন বাসার

অপেশাদার আচরণের অভিযোগ, নিজের অবস্থান পরিষ্কার করলেন বাসার
×

খায়রুল বাসার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ১৭:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ | ১৮:১৪

‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন যোশিকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ভারতীয় নির্মাতা এম এন রাজ। এতে অভিনয় করার কথা ছিলো বাংলাদেশি শিল্পী তানজিন তিশা ও খায়রুল বাসারও। শুক্রবার এমন খবর প্রকাশ্যে আসার পর খায়রুল বাসার জানান, সিনেমাটির সঙ্গে থাকতে পারছেন না তিনি। এতেই বাধে বিপত্তি। পরে বাসারের বিরুদ্ধে ‘টাকা নিয়ে কাজ না করার’ অভিযোগ তোন নির্মাতা। এমন খবরে অবাক হয়েছেন বাসার।

অভিনেতার দাবি, কনফার্মেশন মানি হিসেবে পাঠানো টাকা ফেরত দেওয়ার জন্য অ্যাকাউন্ট নম্বর চেয়েছেন তিনি। কিন্তু তারা এখনো অ্যাকাউন্ট নম্বর পাঠাননি। 

দেশের একটি গণমাধ্যমকে গতকাল নির্মাতা বলেন, খবর প্রকাশের পর বাসার কেন এমনটি করবে জানা নেই। তাকে অগ্রিম পারিশ্রমিক দিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছে। ই-মেইলে সিনেমাটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত সম্মতি জানিয়েছেন তিনি। দুদিন আগে সম্মানীর একটা অগ্রিম অংশও তার ব্যাংকে পাঠানো হয়। হঠাৎ আজ দুপুরে একটি বার্তা পাঠিয়ে তিনি জানান, ছবিটি করতে পারছেন না। এরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। বেশ কয়েকবার ফোন দিয়েছি কিন্তু তিনি ধরেননি। শিডিউলজনিত বা অন্য কোনো বিষয়ে তার কোনও কথাবার্তা থাকলে টিমের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু টেক্সট পাঠিয়ে এরপর ফোন না ধরাটা কোন ধরনের পেশাদার আচরণ!’

খায়রুল বাসার সমকালকে বলেন, ‘এই সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা এগোচ্ছিলো। চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। কিছু কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। গতকাল কিছু শিরোনাম দেখে অবাক হচ্ছি যে আমি এক চতুর্থাংশ রেমুনারেশন নিয়ে কাজটা করছি। অথচ আমাদের মিটিং হয়েছে ২২ ও ২৫ জুলাই। নানা মাধ্যমে সিনেমার নিউজ আসায় আমি দ্রুত শিডিউল জটিলতার সমাধান খুঁজেছি। মিটিং ডে পরবর্তী ৩ দিনের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া এবং কনফার্মেশন মানি ফেরত দেওয়ার কথা জানানো কীভাবে অপেশাদার আচরণ হতে পারে?’

তিনি আরও বলেন, ‘সাইনিং মানি রেমুনারেশনের ৫০ শতাংশ, তা গ্রহণ করা হয়নি এবং কনট্রাক্ট পেপারে আমি সাইনও করিনি। কনফার্মেশন মানি হিসেবে একটা এমাউন্ট উনারা আমাকে পাঠিয়েছিলেন। এসবই যথেষ্ট আন্তরিকতার সাথেই হয়েছে। আমি আজ অত্যন্ত বিনয়ের সাথে আমার সিদ্ধান্ত জানিয়েছি এবং আমার সীমাবদ্ধতাকে আন্তরিকভাবে বিবেচনা করার অনুরোধ করেছি। কনফার্মেশন মানি ফেরত দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে রাখলেও তা উনারা এখনো পাঠাননি।’

উল্লেখ্য, খায়রুল বাসার বর্তমানে ব্যস্ত কথাসাহিত্যিক মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে নির্মিত সিনেমার শুটিং নিয়ে। উপন্যাসের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি নির্মাণ করছেন এনায়েত করিম বাবুল। এখানে বাসারের বিপরীতে রয়েছেন শার্লিন ফারজানা।

আরও পড়ুন

×