ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টরন্টো চলচ্চিত্র উৎসবে যে চার নির্মাতা পাচ্ছেন ট্রিবিউট অ্যাওয়ার্ডস

টরন্টো চলচ্চিত্র উৎসবে যে চার নির্মাতা পাচ্ছেন ট্রিবিউট অ্যাওয়ার্ডস
×

বা থেকে গিয়ের্মো দেল তোরো, জোডি ফস্টার, হিকারি, লি বিয়ং হুন এবং বার্ষিক পুরস্কার গালার অনারারি চেয়ার ব্রেন্ডন ফ্রেজার।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ১৪:১৩ | আপডেট: ০১ আগস্ট ২০২৫ | ১৪:১৪

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিফ) ৫০তম আসরে ঘোষণা করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘টিফ ট্রিবিউট অ্যাওয়ার্ডস ২০২৫’। এবারের এই সম্মাননা পাচ্ছেন-মেক্সিকান অস্কারজয়ী নির্মাতা গিয়ের্মো দেল তোরো, দুই অস্কারজয়ী হলিউড তারকা জোডি ফস্টার, জাপানি নির্মাতা হিকারি এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি বিয়ং হুন।

আগামী ৭ সেপ্টেম্বর কানাডার টরন্টোর ঐতিহাসিক ফেয়ারমন্ট রয়্যাল ইয়র্ক হোটেল-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ট্রিবিউট অ্যাওয়ার্ডস। এবারের আসরের অনারারি চেয়ার থাকছেন ২০২২ সালের ট্রিবিউট পারফরমার অ্যাওয়ার্ডজয়ী অস্কারজয়ী অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার।

টিফ প্রধান নির্বাহী ক্যামেরন বেইলি বলেন, প্রতিটি সম্মাননা প্রাপক তাঁদের কাজের মাধ্যমে সিনেমাজগতে অনন্য ছাপ রেখেছেন-লি বিয়ং হুনের শক্তিশালী অভিনয়, গিয়ের্মো দেল তোরোর কল্পনাশক্তি, হিকারির আবেগঘন গল্প বলা এবং জোডি ফস্টারের অনবদ্য ক্যারিয়ার আমাদের গর্বিত করেছে।

২০২৫ টিফ ট্রিবিউট অ্যাওয়ার্ডস যারা পাচ্ছেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি

গিয়ের্মো দেল তোরো
এবারের টিফে বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে এসেছেন তিনি। প্যান’স ল্যাবিরিন্থ এবং চার অস্কারজয়ী দ্য শেপ অব ওয়াটার-এর নির্মাতা দেল তোরো টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে।

জোডি ফস্টার
পঞ্চাশ বছরেরও বেশি সময়জুড়ে অভিনয়ে সাফল্যের পাশাপাশি নারী নির্মাতাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফস্টার। এবারের টিফে তিনি এসেছেন ফরাসি মনস্তাত্ত্বিক রহস্যধর্মী ছবি প্রাইভেট লাইফ সিনেমাটি নিয়ে।

হিকারি
৩৭ সেকেন্ডস-এর নির্মাতা হিকারি দ্বিতীয়বারের মতো টিফে হাজির হয়েছেন রেন্টাল ফ্যামিলি নিয়ে, যেখানে অভিনয় করেছেন ব্রেন্ডন ফ্রেজার।

লি বিয়ং হুন
দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় তারকা স্কুইড গেম, জি.আই. জো ও কনক্রিট ইউটোপিয়া-এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন। এবারের টিফে তিনি হাজির হয়েছেন পার্ক চ্যান-উকের নো আদার চয়েস-এর উত্তর আমেরিকান প্রিমিয়ার নিয়ে।

অনারারি চেয়ার ব্রেন্ডন ফ্রেজার বলেন, টিফ সবসময়ই আমার কাছে বিশেষ। পুরস্কার প্রাপ্তি হিসেবে নয়, বরং সম্মাননা অনুষ্ঠানের চেয়ার হিসেবে ফিরতে পারা আমার জন্য গর্বের।

উৎসবের এবারের প্রধান অংশীদার রোলেক্স, সঙ্গে আছে আরবিসি, ডন জুলিও এবং ফেয়ারমন্ট রয়্যাল ইয়র্ক। আগামী ৪ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫।

আরও পড়ুন

×