ফ্যাশনের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই: মালাইকা
মালাইকা অরোরা
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ১৬:০৯ | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ | ১৬:১৬
মালাইকা অরোরা মানেই নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি কম হলেও ফ্যাশনেবল পোশাক ও স্টাইল স্টেটমেন্টের কারণে তিনি সবসময় চর্চায় থাকেন। ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়েও সমানভাবে শিরোনামে আসেন এই তারকা। তবে সবকিছু ছাপিয়ে নারীমহলে তিনি এক অনন্য ফ্যাশন আইকন। বয়স পঞ্চাশের ঘরে হলেও এখনও দেখলে মনে হয় পঁচিশের প্রাণচঞ্চল তরুণী।
সদা সতেজ এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলে বললেন নিজের ফ্যাশন দর্শন ও জীবনের নানা দিক।
এইচটি সিটি শোস্টপার্স-এর জন্য দেওয়া এক ফটোশুট ও সাক্ষাৎকারে মালাইকা জানান, শৈশব থেকেই ফ্যাশনের সঙ্গে গভীর সম্পর্ক তাঁর। নিজের পোশাক নিজেই বানানোর চেষ্টা করতেন। বাইরে বের হওয়ার সময় নিজের মতো করে সাজতেন। পথে অনেক ভুলও করেছেন, ভয়ংকর কিছু ফ্যাশন মুহূর্তও গেছে। সেখান থেকেই শিখেছেন।

তাঁর মতে, আত্মবিশ্বাসই ফ্যাশনের মূল শক্তি। মালাইকা বলেন, ‘আপনি বিশ্বের সবচেয়ে দামি পোশাক পরতে পারেন। যদি আরামদায়ক না লাগে তবে সেটির কোনো মূল্য নেই। আমি নিজের ভেতরে স্বস্তি অনুভব করি, সেটিই আসল বিষয়। বছরের পর বছর আমি অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি।’
মালাইকা আরও বলেন, ‘ফ্যাশন শুধু সাজগোজ নয়, বরং নিজেকে প্রকাশের একটি মাধ্যম। এটি হতে পারে আপনার মুড, মনোভাব বা সচেতনতার প্রতিফলন। ফ্যাশন আপনাকে তেজি অনুভূতি দেয়। আবার কখনও এটি আড়াল হিসেবেও কাজ করে। ফ্যাশন এক ধরনের ভাষা, যা নিজের কথা নিজেই বলে।’
স্টাইল পরিবর্তনে তাঁর কোনো আপত্তি নেই। বরং সময়ের সঙ্গে বদলাতে জানাটাই তাঁর কাছে শক্তির উৎস। ‘চোখ-কান খোলা রাখতে হবে, পরিবর্তনকে স্বাগত জানাতে হবে। একই রূপে আটকে থাকা ঠিক নয়। ফ্যাশনের মাধ্যমে নিজেকে প্রকাশ করলে তা আপনাকে ক্ষমতাবান করে। সে কারণে একটু পরিবর্তন মেনে নেওয়া জরুরি।’ বলছিলেন মালাইকা।

ফ্যাশন ও টাকার সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণা ভাঙতে গিয়ে তিনি বলেন, ‘ফ্যাশনের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। এখন হাই স্ট্রিট থেকে কৌচার–সবই সহজলভ্য। সবচেয়ে ভালো লাগে যখন এগুলো মিশিয়ে নেওয়া যায়। আমি পরীক্ষা-নিরীক্ষা ভালোবাসি। আমার ফ্যাশন আমাকে সংজ্ঞায়িত করে না, তবে আলাদা করে তোলে।’
পর্দার বাইরে মালাইকা ফিটনেস সচেতনতার জন্যও সমান জনপ্রিয়। যোগব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে সামাজিক মাধ্যমে অনুপ্রেরণা জোগান তিনি। সম্প্রতি এক সাধারণ পোশাকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্ট্রেচ মার্ক প্রদর্শন করে আলোচনায় আসেন; যা নারীর শরীরের স্বাভাবিক পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার বার্তা দিয়েছে।
স্টাইল, আত্মবিশ্বাস ও নিজস্বতার অনন্য মিশ্রণে গড়া এই তারকার ভাষায়, ‘ফ্যাশন আমাকে সংজ্ঞায়িত করে না, তবে বাড়তি একধরনের এজ দেয়, যা আমার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে।’
- বিষয় :
- মালাইকা অরোরা
