ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পঞ্চপাণ্ডবের কাজের ফিরিস্তি

পঞ্চপাণ্ডবের কাজের ফিরিস্তি
×

শাকিব খাান,শুভ, নিশো, সিয়াম ও রাজ। কোলাজ: বোরহান আজাদ

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ১৭:০০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ | ১৮:২৫

শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, আফরান নিশো ও শরিফুল রাজ–ঢালিউড ইন্ডাস্ট্রির পঞ্চপাণ্ডব বলা যায় তাদের। দেশের সিনেমার ক্যালেন্ডারের পাতা ওল্টালে ঘুরেফিরে এই নায়কদের রাজত্বই বিরাজমান। যদিও সব নায়কের লক্ষ্যই কেবল ঈদের মতো বড় উৎসবে সিনেমা মুক্তি। তারপরও সিনেমার খবর, সিনেমার প্রস্তুতি, নতুন সিনেমা নিয়ে মিটিং ও প্রচার-প্রচারণা নিয়ে বছরজুড়ে ব্যস্ততা তাদের। প্রযোজনা সংস্থা, নায়কদের ম্যানেজার ও নানা সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢালিউডের পঞ্চপাণ্ডব নায়কের সাম্প্রতিক ব্যস্ততার ফিরিস্তি টানা হলো–

শাকিব খান

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের দুই ঈদের শিডিউল পেতে প্রযোজকরা যারপরই উদগ্রীব থাকেন। তাই দুই ঈদের সিনেমা বছরখানেক আগেই চূড়ান্ত হওয়া থাকে তাঁর। গত ঈদুল আজহায় মুক্তি পায় এই নায়কের ‘তাণ্ডব’। সিনেমাটি মুক্তির পর পরই পরের ঈদুল ফিতরের জন্য সিনেমা চূড়ান্ত হয়ে যায়। জানানো হয় ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্পের সিনেমা চূড়ান্ত করেন তিনি। যে সিনেমায় ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। নাটকের নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করবেন সিনেমাটি। নাম চূড়ান্ত না হলেও প্রযোজনা সংস্থা জানায়, আগামী সপ্তাহেই সিনেমাটির প্রথম লুক এবং নাম উন্মোচন করা হবে। পরের ঈদ তথা আগামী ঈদুল আজহার জন্যও শাকিব খানের জন্য গল্প প্রস্তুত করছেন এক নির্মাতা। নাম প্রকাশ না করার শর্তে ওই নির্মাতা জানিয়েছেন, ফ্যামিলি ড্রামার গল্প তৈরি করা হচ্ছে; যেখানে শাকিব খানকে একেবারেই ভিন্নভাবে দেখা যাবে। সকল শ্রেণির দর্শকের চাহিদার কথা মাথায় রেখে সিনেমাটি নির্মিত হবে। ঈদ ছাড়াও দুই নির্মাতার সিনেমা নিয়ে একাধিক মিটিং করেছেন শাকিব খান। সব ঠিক থাকলে পূজা কিংবা ভালোবাসা দিবসে ওই দুই নির্মাতার সিনেমা মুক্তি পেতে পারে। 

আরিফিন শুভ

গেল ঈদুল আজহায় আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ মুক্তি পায়। সিনেমাটি দারুণ প্রশংসিতও হয়। এরপর শুভর নতুন কাজের কোনো খোঁজ মেলেনি আর। সূত্রের বরাতে জানা গেছে, দুইজন নির্মাতার সঙ্গে বেশ কয়েকবার নতুন প্রজেক্ট নিয়ে মিটিং হয়েছে তাদের। প্রাথমিকভাবে পাকাপাকিও হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়ে তা জানানোর পালা। সূত্রের খবর, সিনেমাগুলো উৎসবে মুক্তির জন্যই নির্মাণ হবে। পাশাপাশি দেশের বাইরের বেশ কিছু প্রজেক্ট নিয়ে আলাপ চলছে নায়কের; যা ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমা দুই মাধ্যমের জন্যই। সব ঠিক থাকলে শিগগিরই ঘোষণা আসবে সে সবের।

সিয়াম আহমেদ

গেল ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমার মাধ্যমে দারুণ প্রশংসা কুড়িয়েছেন সিয়াম আহমেদ। সিনেমাটি ওটিটিতে মুক্তির পর সে প্রশংসার রেশ তীব্র হয় আরও। সেই রেশ থাকতেই নতুন খবর ছড়ায় এই নায়ককে নিয়ে। বলা হয়, শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন সুমী এবার নতুন যে সিনেমা প্রযোজনা করছেন সেই সিনেমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম। পরিচালক সেই মেহেদি হাসান হৃদয়ই থাকছেন। তবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সূত্রের খবর, সিনেমাটিতে যে সিয়াম থাকছেন সেটি প্রায় পাকাপাকি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এ ছাড়াও একাধিক নির্মাতার সঙ্গে সিনেমা নিয়ে বসেছেন সিয়াম। জানিয়েছেন, গল্প শুনছেন, প্রজেক্ট প্ল্যান করছেন। ঠিকঠাক হলেই ঘোষণা আসবে।

আফরান নিশো

গেল ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে শাকিব খানের তাণ্ডব সিনেমা ক্যামিও দিয়ে নিজেকে ঈদের সিনেমায় সম্পৃক্ত রেখেছিলেন এই নায়ক। আফরান নিশোর নতুন কাজের খবর হলো ‘দম’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এতে চঞ্চল চৌধুরীও থাকছেন। পরিচালনা করবেন রেদওয়ান রনি। পরের ঈদুল আজহার জন্যও নিশোকে নিয়ে ভাবছেন বেশ ক’জন নির্মাতা। এ তালিকায় প্রথমেই রয়েছে নির্মাতা রায়হান রাফীর নাম। বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলে এ প্রজেক্ট নিয়ে আপাতত তেমন কিছুই বলা যাচ্ছে না। 

শরিফুল রাজ

গত ঈদুল আজহায় ইনসাফ সিনেমা মুক্তি পায় রাজের। এরপর অনেকটাই খবরে আড়ালে এই নায়ক। সূত্রের বরাতে জানা যায়, ইতোমধ্যে তিনজন নির্মাতার সঙ্গে নতুন তিন সিনেমা নিয়ে মিটিং হয় তাঁর। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের একটি সিনেমাতেও অভিনয় করবেন বলে কথা চলছে। এখন পর্যন্ত রাজের কোনো সিনেমাই চূড়ান্ত নয়। 


 

আরও পড়ুন

×