কবে শুরু হচ্ছে ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তির শুটিং
জিয়াউল ফারুক অপূর্ব
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ২০:২৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ | ২০:২৭
হুকুমদাতাদের কথায় যেখানে সবকিছু হয়, কিন্তু কেউ দেখতে পায় না এই অদৃশ্য হুকুমতদাতাদের। যাদের ইশারায় পুরো দেশের অনেক কিছু পরিচালিত হয়। অথচ তারা সবসময় থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে। এমন প্লট নিয়েই নির্মিত হয়েছিল ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিরিজটি নির্মাণ করেছিলেন শিহাব শাহীন।
এবার নির্মাতা জানিয়েছেন শিগগিরই ‘গোলাম মামুন ২’ এর নির্মাণ কাজ শুরু করবেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’।
সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছিলেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সিরিজটির মাধ্যমে অপূর্বকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন দর্শক। দুর্দান্ত অভিনয়, অ্যাকশন দৃশ্যে অপূর্বর সাবলীলতা দারুণভাবে মুগ্ধ করে দর্শকদের।

নতুন সিরিজটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘গোলাম মামুন ২’ এর এখন স্ক্রিপ্টিং চলছে, এই মাসটা লেগে যাবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু করব।’
এদিকে প্রায় সাড়ে সাত মাস পর আজ মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা। সেখানে থাকেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা।
অভিনেতা অপূর্ব জানিয়েছেন, আপাতত কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। এরপর ফিরবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। এরই ফাঁকে জমে থাকা স্ক্রিপ্টগুলো পড়ে শেষ করতে চান। স্ক্রিপ্ট পড়া শেষে সিদ্ধান্ত নেবেন নতুন কাজের।
- বিষয় :
- জিয়াউল ফারুক অপূর্ব
