ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাফী-সিয়ামের আন্ধারে পা দিচ্ছেন নাজিফা তুষি

রাফী-সিয়ামের আন্ধারে পা দিচ্ছেন নাজিফা তুষি
×

সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১৬:১৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ | ২০:৪৬

সিনেমায় সিয়াম আহমেদ ও রায়হান রাফীর যাত্রা সেই ‘পোড়ামন ২’ দিয়ে। এরপর রাফী হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার ম্যাজিকম্যান, আর সিয়াম ঢাকাই সিনেমার ‘রাইজিং স্টার’। রাফী একের পর এক রাজ, নিশো ও শাকিব খানকে দিয়ে দারুণ দারুণ চমক জাগানিয়া সিনেমা উপহার দেন। সিয়ামও নিজের পরীক্ষা চালান নানান চরিত্রে। মাঝে ‘দামাল’ সিনেমায় জুটি বাঁধলেও তিন বছর পর সেই ‘পোড়ামন ২’ জুটি ফের এক হচ্ছেন।

শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ নির্মাণের পর জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবার হাত দিয়েছেন ভৌতিক ঘরানার নতুন চলচ্চিত্রে। ছবির নাম ‘আন্ধার’। এই সিনেমাতেই নায়ক হিসেবে থাকছেন  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। 

সূত্রের খবর, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তবে নায়িকা নিয়ে এতদিন ছিল গোপনীয়তা। একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ সিনেমার নায়িকা হচ্ছেন নাজিফা তুষি। বড়পর্দায় এই প্রথম জুটি হচ্ছেন সিয়াম ও তুষি। ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে তুষি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন।

‘আন্ধার’ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘শিল্পীরা চাইলেই অনেক কিছু বলতে পারেন না। আমাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না, যা বলার জানার, টিম এবং পরিচালকই বলবেন।’

এর আগে রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এ অভিনয় করেছেন সিয়াম। অন্যদিকে, তুষি অভিনয় করেছিলেন রাফী নির্মিত ‘ডার্ক সাইড অব ঢাকা’-তে।

‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন-অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই ঈদ এড়িয়ে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

আরও পড়ুন

×