ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রুনা লায়লার গান এলিটার কণ্ঠে

রুনা লায়লার গান এলিটার কণ্ঠে
×

রুনা লায়লা ও এলিটা করিম। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১৩:২০


বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া শ্রোতাপ্রিয় দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। গানটি লিখেছিলেন নজরুল ইসলাম বাবু। আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনও মানুষের হৃদয়ে গেঁথে আছে।  রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।

প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সুর করা পাঁচটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন আলাউদ্দিন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তাঁর স্বামী ব্যান্ড তারকা কাজী ফয়সাল আহমেদ। সেই প্রজেক্টের একটি গান আমায় গেঁথে দাও না মাগো। শওকত আলী রানার নির্দেশনায় এই গানের ভিডিওতে এলিটা করিমের সঙ্গে দেখা গেছে সংগীত পরিচালক ফয়সালকে। গত বৃহস্পতিবার আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি। 

ফেসবুকে গানটি শেয়ার করে এলিটা করিম জানিয়েছেন, জনপ্রিয় এই দেশের গানটি নতুন করে গাওয়াটা শিল্পী হিসেবে তাঁর জন্য সম্মানের। গানটি নিয়ে শ্রোতাদের বেশ সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন এ কণ্ঠশিল্পী। 

আলাউদ্দিন আলীর গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করা নিয়ে আলিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা চাই, বাবার গানগুলো নতুন প্রজন্মের কানে পৌঁছাক। আজ যারা গানে-সুরে বেড়ে উঠছে, তারা হয়তো জানেই না, যেসব গান তারা মাঝেমধ্যে শোনে, সেগুলোর সুরকার আলাউদ্দিন আলী। চেষ্টা করেছি অ্যাকুস্টিক আবহ রেখে গানের সুর ও কথা যেন শ্রোতারা ঠিকমতো উপলব্ধি করতে পারেন। নতুন প্রজেক্টের সবগুলো গানই শ্রোতারা বেশ গ্রহণ করেছেন।’  

এলিটা করিমের গাওয়া আমায় গেঁথে দাও না মাগো গানের আগে প্রকাশ পেয়েছে এই আয়োজনের আরও দুটি গান। ‘তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার’ গানটি গেয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের ভোকাল পলাশ নূর। অন্যদিকে ‘যদি কোনো দিন কোনো মুক্তির কথা লিখতে হয়’ গানটি নতুন করে গেয়েছে পেন্টাগন ব্যান্ড। 

আরও পড়ুন

×