ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জন্মদিনে টিভি ও ওটিটিতে জীবনের গল্প শোনাবেন শবনম 

জন্মদিনে টিভি ও ওটিটিতে জীবনের গল্প শোনাবেন শবনম 
×

কিংবদন্তীর কথা অনুষ্ঠানে শবনম। ছবি:এনিগমা টিভির সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১৪:১২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ১৪:২৪

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম-এর ৮৯তম জন্মদিন আজ রোববার ১৭ আগস্ট। এ উপলক্ষে প্রথমবার তিনি হাজির হয়েছেন কোনো টিভি ও ওটিটির আয়োজনে। সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে ‘শবনম: রূপনগরের রাজকন্যা’ শিরোনামের আলাপচারিতার অনুষ্ঠানে শবনম বলেছেন তাঁর স্মৃতিময় জীবনের নানা গল্প। এটি প্রচার হবে আজ রাত ৮টা ২৫ মিনিটে।

ষাটের দশক থেকে আশি— টানা তিন দশকেরও বেশি সময় ধরে নায়িকা হিসেবে দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন শবনম। তিনি ছিলেন সময়ের সবচেয়ে বড় তারকা, আবার ছিলেন ঘরের মেয়ের মতো আপন। কিন্তু বিস্ময়ের বিষয়, এত দীর্ঘ অভিনয়যাত্রার পরও শবনম কখনও টেলিভিশনে কোনো অনুষ্ঠানে অতিথি হয়ে আসেননি। সেই অপেক্ষার অবসান ঘটছে এবারের জন্মদিনে।

এদিকে জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মদিনকে ঘিরে ‘কিংবদন্তির কথা’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করেছে  ওটিটি চ্যানেল এনিগমা টিভি। বিশেষ এই  আয়োজনে শবনমের  বর্ণাঢ্য অভিনয় জীবনের নানা অজানা অধ্যায়, সোনালি দিনের স্মৃতি ও শিল্পযাত্রার নানা বিষয় তুলে ধরা হয়েছে।  আড্ডায় শবনম অকপটে বলেছেন নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা অজানা কথা। 

আজ রোববার বিকাল চারটায় এনিগমা টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি৷ এ এইচ এম ফাহমিদুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজনে উপস্থিত হয়ে কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। অনেক বছর পর আমি সারপ্রাইজড। এই ভাবে সম্মানীত করার জন্য এনিগমা টিভি’র প্রতি ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রতিষ্ঠানের  সিইও এর প্রতিও। আমি তাদের সাফল্য কামনা করছি।’

১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে ক্যামেরার সামনে আসেন শবনম। এর পূর্বে তিনি এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ১৯৬২ সালে উর্দু ‘চান্দা’ সিনেমায় অভিনয় করে সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন। ‘আমার সংসার’, ‘জুলি’, ‘জোয়ার ভাটা’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সহধর্মিণী’ থেকে শুরু করে ‘আম্মাজান’ বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টিরও বেশি চলচ্চিত্রে তার ছায়া। সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করেন শবনম।

আরও পড়ুন

×