ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভূত ও মানুষের ভয়ংকর লড়াইয়ের গল্প, জানুন কে ভূত কে মানুষ

ভূত ও মানুষের ভয়ংকর লড়াইয়ের গল্প, জানুন কে ভূত কে মানুষ
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১৫:২১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ১৫:২১

সিনেমার নাম ‘থামা’, কিন্তু থেমে নেই এক মুহূর্তও। বলিউডে ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ব্রহ্মাণ্ডে নতুন সংযোজন এই ছবি। পরিচালক আদিত্য সরপোতদারের হাত ধরে এবার বড় পর্দায় আসছে ভ্যাম্পায়ার-ভিত্তিক এক প্রেমের গল্প। ভূত ও মানুষের সহাবস্থানের ভয়ঙ্কর লড়াই এবার আরও তীব্রভাবে দেখানো হবে সিনেমাটিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির টিজার, যা প্রকাশের পরই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে বহুগুণ।

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। আয়ুষ্মানকে দেখা যাবে অলোক নামের এক যুবকের চরিত্রে, যিনি মানুষের মধ্যে শেষ আশার আলো জ্বালিয়ে রাখতে লড়াই করেন। অপরদিকে রাশমিকা হাজির হবেন ‘তারকা’ চরিত্রে, যিনি সাধারণ নারী নন—অতিপ্রাকৃত শক্তির অধিকারিণী। তাদের প্রেমকাহিনিই গল্পের কেন্দ্রবিন্দু, তবে সেই ভালোবাসা রক্তপিপাসু রূপ ধারণ করে ভিন্ন মাত্রা পেয়েছে।

অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। টিজারে তার উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। কৌতুকরসে পর্দায় আসবেন অভিজ্ঞ অভিনেতা পরেশ রাওয়াল, যিনি মিস্টার রাম বজাজ গোয়েলের ভূমিকায় রঙ্গ-রস যোগ করবেন গল্পে। টিজারে আরও দেখা গেছে মালাইকা অরোরার আইটেম গান, যা সিনেমাটিকে করেছে আরও মশলাদার।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। প্রযোজনা করেছেন দীনেশ ভিজান। শুধু তাই নয়, এই ছবিতে থাকবে আরও একটি বিশেষ চমক—ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ফ্র্যাঞ্চাইজির অন্য সব ছবির চরিত্রের উপস্থিতি। অর্থাৎ ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’ কিংবা ‘ভেড়িয়া’র মতো চরিত্রগুলো একসঙ্গে হাজির হবে ‘থামা’য়।

এর আগে ‘স্ত্রী ২’-এ ‘ভেড়িয়া’কে যুক্ত করে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরির চেষ্টা করেছিল ম্যাডক ফিল্মস, যদিও সেটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে এবারের দীপাবলি মৌসুমে মুক্তি পেতে চলা ‘থামা’ সেই ঘাটতি পুষিয়ে দেবে কি না, তা নিয়েই এখন বলিউডে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন

×