ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আজ থেকে গর্বের সঙ্গে নামের আগে ড. উপাধি যোগ করতে পারব: মিথিলা

আজ থেকে গর্বের সঙ্গে নামের আগে ড. উপাধি যোগ করতে পারব: মিথিলা
×

রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: নূর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ১৪:০১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ | ১৬:০৯

বহু পরিচয়ে তিনি আমাদের সামনে এসে দাঁড়ান–অভিনেত্রী, গায়ক, মডেল, শিক্ষক, উন্নয়নকর্মী, মা। একেকটি পরিচয়ের ছায়া পেরিয়ে যে কাহিনি তাঁর জীবনগাথার অন্তরালে জ্বলজ্বলে হয়ে ওঠে, তা হলো–একজন নারীর আত্মপ্রতিষ্ঠার অদম্য সংগ্রাম। তিনি রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের বিনোদন জগতে, যিনি দীর্ঘদিন ধরে নিজের অবস্থান দৃঢ় করে রেখেছেন।

মিথিলার পরিচয় শুধু শোবিজ তারকা নন বরং নারীর প্রেরণার প্রতীকও। তিনি জানেন কীভাবে ব্যক্তিগত ঝড়ের মুখে দাঁড়িয়েও নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়। যেমন গানে, যেমন পর্দায়, তেমনই বাস্তব জীবনের দৃঢ়তায়। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা আজ জানালেন তার নতুন অর্জনের কথা।

সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি।  সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য। 

মিথিলা লিখেছেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।’

অভিনেত্রী আরও জানান, তাঁর জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার অর্থ ছিল একইসঙ্গে পূর্ণকালীন পেশাগত জীবন, অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রির পথচলা অব্যাহত রাখা। এই অভিজ্ঞতা তাঁকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে।

পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, “আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব-একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।”
 

আরও পড়ুন

×