অবৈধভাবে কোটি টাকা উপার্জনের অভিযোগ, অঙ্কুশকে ইডির তলব
অঙ্কুশ হাজরা
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ১৯:৪৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ | ২০:৪০
এবার অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির (কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা)। হাজিরা দিতে হবে আগামী মাসে। অঙ্কুশ একা নন, এর আগে বেআইনি বেটিং অ্যাপসংক্রান্ত মামলাতে ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে ইডি।
সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণী তারকা রানা দগ্গুবতি, বিজয় দেবেরাকোন্ডা থেকে কপিল শর্মাসহ একাধিক সমাজমাধ্যম প্রভাবীর।
সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অঙ্কুশকে। অর্থাৎ পূজার আগেই অঙ্কুশকে পড়তে হবে তদন্তকারীর কড়া প্রশ্নবাণের মুখে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তাদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলো অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ।
ইডির সমন নিয়ে অঙ্কুশ এখনও সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। আপাতত নিজের অভিনীত ‘রক্তবীজ ২’ সিনেমা নিয়ে ব্যস্ত এই টালিউড অভিনেতা।
পূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার এই সিনেমাটি; যেখানে তিনি একেবারে অচেনা অবতারে ধরা দেবেন। সিনেমায় আরও আছেন মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়। সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেতা।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির আইটেম গান। তাতে কোমর দুলিয়েছেন নুসরাত জাহান। নতুন সিনেমার প্রচার-প্রচারণা ছাড়াও ড্যান্স বাংলা ড্যান্স প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন অঙ্কুশ। সূত্র: আনন্দবাজার।
- বিষয় :
- অঙ্কুশ হাজরা
- টালিউড
