ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রযোজক-নির্মাতার অভিযোগ, নিজের অবস্থান পরিষ্কার করলেন আবীর

প্রযোজক-নির্মাতার অভিযোগ, নিজের অবস্থান পরিষ্কার করলেন আবীর
×

আবীর চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৪৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫১

দুর্গাপূজায় টালিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ ২’, অন্যটি অনীক দত্ত পরিচালিত ও ফিরদৌসল হাসান প্রযোজিত ‘যত কাণ্ড কলকাতাতেই’। এই দুই সিনেমা মুক্তিকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

শোনা যাচ্ছে, প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ-এর সঙ্গে আবীরের এমন একটি চুক্তি ছিল- ২০২৫ সালের দুর্গাপূজায় তার অন্য কোনো সিনেমা মুক্তি পাবে না। তার প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, একই সময়ে কেন দ্বিতীয় সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলো?

সোমবার সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার পরিচালক অনীক, প্রযোজক ফিরদৌসল হাসান। আবীরের আচরণে ক্ষোভের পাশপাশি বিস্ময় জমেছে প্রযোজকের মনে। তিনি অবাক, অভিনেতা নিজের সিনেমার প্রচারে, বিশেষ প্রদর্শনে যোগ দেবেন না! সিনেমার ট্রেলার-পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করবেন না, এ কেমন কথা?

এ দিন রীতিমতো হতাশ শুনিয়ে প্রযোজক বলেন, “সিনেমার প্রচারের জন্য এবার কি আবীরের কাছে ভিক্ষা চাইব? অভিনেতা বড় নাকি সিনেমা!”

পরিচালক অনীক, প্রযোজক ফিরদৌসল হাসানের অভিযোগের বিষয়ে আবীর বলেন, “এই বছর ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে, এটা সবারই জানা ছিল। তাহলে একই সময়ে আরেকটি সিনেমার মুক্তির সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো- সেটা আমার জানা নেই। প্রযোজকের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনাতেও বিষয়টি উঠেছিল।”

অভিনেতা জানান, একজন শিল্পী কখনোই সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করতে পারেন না। তিনি বলেন, “সিনেমা মুক্তির সিদ্ধান্ত প্রযোজকের। এখানে শিল্পীর কোনো হাত থাকে না। তবে ডাবিং-এর সময়েই বলেছিলাম, ২০২৫-এর পূজায় ‘রক্তবীজ ২’ আসছে। একই সময়ে আরেকটি সিনেমা মুক্তি পেলে সমস্যা হতে পারে।”

চুক্তি নিয়ে বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন তুলে আবীর বলেন, “চুক্তি তো আছেই। কিন্তু একজন অভিনেতা কি চাইবে, পূজায় দর্শক ভাগ হয়ে যাক? আমি মনে করি, ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটি নিজগুণেই সফল হওয়ার মতো। আলাদা সময়ে মুক্তি পেলেও হত। আমি আগেই জানিয়েছিলাম, প্রচারে থাকতে পারব না।”

অভিনেতার দাবি, তাঁর অনুরোধে সিনেমাটি গত বছর মুক্তি পায়নি- এই খবর একেবারেই গুজব। আবিরের কথায়, “তখন যদি সিনেমাটি তৈরি হয়ে যেত, তবে আমাকে কেন ২০২৫ সালের জুন মাসে ডাবিং করতে হলো?”

আরও পড়ুন

×