ইন্দ্রনীলের সিনেমায় জাহিদ আকবরের চার গান
ইন্দ্রনীল সেনগুপ্ত ও জাহিদ আকবর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৩৫ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৪৪
দেশের গানের জগতে গীতিকার জাহিদ আকবরের পথচলা অনেক দিনের। চলচ্চিত্র, অ্যালবাম ও একক গানে তার লেখা শব্দ পেয়েছে বিশেষ আবেগ ও মাধুর্য। সমসাময়িক সিনেমার গানের জগতে শ্রোতাদের কাছেও সমানভাবে সমাদৃত তিনি। সর্বশেষ শাকিব খানের ‘দরদ’ সিনেমায় গান লিখেছিলেন এই গীতিকার। এক বছর পর এক সিনেমায় ৪ গান পাওয়া তাকে।
সিনেমায় গান লিখলেও এক সিনেমায় চারটি গান লেখার অভিজ্ঞতা তার হয়নি কখনো। সেই নতুন অভিজ্ঞতাই হলো পরিচালক সোয়াইবুর রহমান রাসেলের স্বপ্নের সিনেমা ‘নন্দিনী’র মাধ্যমে। কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাজিরা মৌ।
এ প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘সিনেমায় একটার বেশি গান লিখতে ইচ্ছা হয়নি কোনোদিন। কোনো সিনেমায় দু’টি গান লিখেছি। তবে, এককভাবে কোনো সিনেমায় চারটা গান লিখবো ভাবিনি। নন্দিনী সিনেমার পরিচালক কীভাবে-কীভাবে যেনো আমাকে সিনেমার গল্প বলতেন, দৃশ্যের কথা শোনাতেন। সেই কারণে এককভাবে প্রথম চারটা গান লিখেছি নন্দিনী সিনেমায়।’
‘নন্দিনী’র গানে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ। ইমরানের সুর-সংগীতে ‘ব্যাকরণ’ শিরোনামে গানটি গেয়েছেন ন্যান্সি ও ইমরান এবং ‘মন মেলেছে ডানা’ গেয়েছেন কোনাল।
অন্যদিকে কাজী শুভ সুর করেছেন ‘যাও ভেসে যাও’ ও ‘ও লাল মেম’। গান দুটি গেয়েছেন কাজী শুভ, স্বরলিপি ও আসিয়া দোলা।
গান ছাড়াও অভিনয়ে থাকছে দুই বাংলার তারকা সমন্বয়। সোয়াইবুর রহমান রাসেলের নির্মাণে ‘নন্দিনী’ মুক্তি পাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। গান, গল্প আর অভিনয়ের মেলবন্ধনে দর্শকের কাছে সিনেমাটি হয়ে উঠবে এক ভিন্ন অভিজ্ঞতা।
- বিষয় :
- ইন্দ্রনীল সেনগুপ্ত
- জাহিদ আকবর
