ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিয়ের আগে-পরের ঘটনা নিয়ে সুনেরাহ-নাঈমের ফ্ল্যাশ ফিকশন

বিয়ের আগে-পরের ঘটনা নিয়ে সুনেরাহ-নাঈমের ফ্ল্যাশ ফিকশন
×

এফএস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৫৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৯

প্রথমবারের মত জুটি হয়ে পর্দায় আসছেন অভিনয়শিল্পী এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল।  চরকির ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’ কনটেন্টে তাদের দেখা যাবে দম্পতির ভূমিকায়, যেখানে উঠে আসবে জীবনের ছোট ছোট ঘটনা।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অফ লাইফও বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়তো, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর।’

রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল। ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১১ সেপ্টেম্বর) কনটেন্টটি প্রকাশ পাবে চরকিতে।

গতকাল রাতে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কালকে ওনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত’।

গল্পের ধারণা দিতে গিয়ে রাবা খান জানান, গল্পটি তরুণ–তরুণীর, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনী। একসময় তারা বুঝতে পারে কখনো কখনো সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন। 

রাবা খান বলেন, ‘যখন দেখলাম আমার বানানো ভিডিও কনটেন্টের স্ক্রিপ্ট সবাই পছন্দ করছে, আমার লেখা বই অনেকে পছন্দ করছে, তখন লেখার ইচ্ছাটা আরও বেড়ে যায়। আমার বিশ্বাস এই গল্পটাও সবার ভালো লাগবে। কারণ গল্পটা আমাদের আসে–পাশের, হালকা মেজাজের, সুন্দর–মিষ্টি। ফিকশনের জন্য প্রথমবার চিত্রনাট্য ও সংলাপ লিখলাম, আরও লেখার ইচ্ছা আছে।’


 
‘খুব কাছেরই কেউ’ এর মাধ্যমে পরিচালনায় ফিরেছেন সময়ের আলোচিত সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি। তিনি জানান, ‘খুব কাছেরই কেউ’ তার দ্বিতীয় ফিকশন, ২০১২ সালে তিনি নির্মাণ করেছিলেন প্রথমটি। এখন থেকে কাহিনিচিত্র নির্মাণেও সময় দিতে চান তিনি।

নিধি বলেন, “রোমান্টিক ঘরানার কাজ দিয়েই শুরু করলাম। ‘খুব কাছেরই কেউ’ দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। খুব আনন্দ নিয়ে ফিকশনটি সবাই মিলে উপভোগ করতে পারবেন।’

‘খুব কাছেরই কেউ’–তে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন জেরিন চরিত্রে। জানান, তার চরিত্রটি চঞ্চল, স্পষ্টবাদী এবং স্বাধীনচেতা। অনেকটা ব্যক্তি সুনেরাহ–এর মতোই।

অভিনেত্রী বলেন, ‘গল্পটি আমার খুব কাছের। এর গল্পকার ও নির্মাতা আমার দীর্ঘ দিনের বন্ধু। তবে কাজটা কিন্তু বন্ধুত্বের খাতিরে করিনি। ভালো লেগেছে জন্যই কাজটি করেছি।’ 

রকিন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, ‘গল্পটিতে তরুণ–তরুণীর সংলাপ, তাদের বোঝাপড়া দর্শকদের ভালো লাগবে। যে মুহূর্তগুলো দেখানো হয়েছে, তা আমরা সবাই কম বেশি ফেস করি। তবে যার যার মতো করে ফেস করে। আমরা যেটা দেখাতে চেষ্টা করেছি সেটা সবাই পছন্দ করবেন আশা করি।’

রোমান্স ড্রামা ঘরানার কনটেন্টটিতে অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আসিকুজ্জামান অনিক।

আরও পড়ুন

×