টরন্টো চলচ্চিত্র উৎসব
ড্রেকের মুখে প্রথম প্রেম, প্রথম চুমু আর নেপথ্যের গল্প
অনিন্দ্য মামুন, টরন্টো (কানাডা) থেকে
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৫১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৫২
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ( টিআইএফএফ ) সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি হলো ডকুমেন্টারি “Degrassi: Whatever It Takes”। লিসা রাইডআউট নির্মিত এই ছবি দুই শো-ই সেলআউট করেছে। আর ছবির বড় আকর্ষণ ছিলেন কানাডিয়ান র্যাপ তারকা ড্রেক।
‘ডিগ্রাসি: দ্য নেক্সট জেনারেশন’-এ জিমি চরিত্রে অভিনয়ের মাধ্যমেই খ্যাতির পথে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই সময়কার নানা না-বলা অভিজ্ঞতা অকপটে তুলে ধরেছেন এই ডকুমেন্টারিতে। শুটিং সেটের প্রেম থেকে শুরু করে স্বল্প পারিশ্রমিকের অভিযোগ—সবই উঠে এসেছে ড্রেক ও তাঁর সহশিল্পীদের মুখে।
নিচে থাকল ড্রেকের মুখে শোনা আটটি চমকপ্রদ তথ্য—
১,স্কুলে জনপ্রিয় ছিলেন না, প্রথম চুমু ‘ডিগ্রাসি’তেই
ড্রেক বললেন, “স্কুলে আমার খুব একটা প্রেম হয়নি। মেয়েরা তখন হকি-প্লেয়ার ছেলেদেরই পছন্দ করত। লরেন (কলিন্স) হয়তো আমার প্রথম চুমুগুলোর একটি ছিলেন।”
২. সহশিল্পীদের প্রতি ক্রাশ, একসময় প্রেমও
লরেন কলিন্স, স্টেসি ফারবার, মেলিসা ম্যাকইনটায়ার, আন্দ্রেয়া লুইস—অনেকের প্রতিই ক্রাশ ছিল তাঁর। তবে স্টেসি ছিলেন বিশেষ। যদিও বাস্তবে ডেট করেছেন আন্দ্রেয়া লুইসকে।
৩. অডিশনের দিন ছিলেন ‘হাই’
প্রথম অডিশনে গিয়েছিলেন নেশাগ্রস্ত অবস্থায়। নিজেই ভেবেছিলেন সুযোগ হারালেন। কিন্তু মায়ের ফোনে জানলেন, তাঁকেই নির্বাচিত করা হয়েছে।
৪. পারিশ্রমিক নিয়ে অসন্তোষ
সংখ্যা না বললেও ড্রেক মনে করেন, তাঁদের পারিশ্রমিক শোর জনপ্রিয়তার সঙ্গে মানানসই ছিল না। শো বন্ধ হওয়ার ঘটনাও ছিল হঠাৎ: “দিনের শেষে কেবল বলা হলো, ধন্যবাদ—এটাই জীবন।”
৫. হুইলচেয়ারে বসা জিমি চরিত্র জানতেন না আগে
চিত্রনাট্যের পাঠের দিনই জানতে পারেন তাঁর চরিত্র স্কুল শুটিংয়ে আহত হয়ে হুইলচেয়ারে বসতে হবে। “আমরা হাত ধরে কেঁদেছিলাম। এটা খুব অন্ধকার, তীব্র অভিজ্ঞতা ছিল।”
৬. ড্রেসিং রুমেই ঘুমাতেন
রাতভর গান রেকর্ড করে সকালে সেটে আসতেন। তাই ড্রেসিং রুমেই ঘুমিয়ে নিতেন কয়েক ঘণ্টা। প্রযোজকরা তা মেনে নেননি, তবু অনেকদিন এভাবেই চলেছে।
৭. সবচেয়ে জনপ্রিয় ছিলেন না তিনিই
মল-এ ভক্তদের ভিড়ে জেক এপস্টাইনের লাইন সবসময় বড় হতো। ড্রেক স্বীকার করেছেন, “আমার লাইন ছিল ছোট। জেক-ই ছিলেন আসল হার্টথ্রব।”
৮. তাঁর চরিত্রটি প্রথমে লেখা হয়েছিল সাদা অভিনেতার জন্য
অডিশনের সুযোগই এসেছিল এক সহপাঠীর বাবার মাধ্যমে। কিন্তু তখনই শুনেছিলেন, “এটা সাদা ফুটবলারের চরিত্র, তুমি হয়তো পাবে না।”
- বিষয় :
- বিনোদন নিউজ
