ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তৌসিফ-সাদিয়াকে নিয়ে ভিকির ফ্ল্যাশ ফিকশন

তৌসিফ-সাদিয়াকে নিয়ে ভিকির ফ্ল্যাশ ফিকশন
×

সাদিয়া আয়মান ও তৌসিফ মাহবুব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৫১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৬

নির্মাতা ভিকি জাহেদ মানেই সাসপেন্স, মিস্ট্রি বা থ্রিলারের আয়োজন। এবার চরকিতে আসছে তাঁর ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। এই ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তাঁর চরিত্রের নাম অর্ক, আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ভালোবাসায় মত্ত দুই তরুণ-তরুণী। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে। দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ!

ভিকি জানান, ‘অন্ধ বালক’ লিখেছেন নাজিম-উদ-দৌলা। এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎ বাণীর মতো বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল রয়েছে।

ভিকি জাহেদ বলেন, ‘ঢাকার বিভিন্ন লোকেশনে অন্ধ বালক-এর শুট হয়েছিল। এখন এটা রিলিজ হতে যাচ্ছে। নাজিম-উদ-দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।’

সাদিয়া আয়মান বলেন, ‘কাজটি গত বছর করেছিলাম। ভিকি জাহেদের পরিচালনায় এটিই আমার প্রথম কাজ। এই কনটেন্টের কিছুই এখনও দেখার সুযোগ হয়নি আমার। তবে তৌসিফ ভাই জানিয়েছেন, আমার কাজ নাকি খুব ভালো হয়েছে।’

দিনা চরিত্রটি প্রসঙ্গে সাদিয়া আয়মান আরও বলেন, ‘এখানে আমার চরিত্রটি খুবই ভালোবাসাময়। সে অর্ককে খুব ভালোবাসে, অন্যদিকে বাবার খুব বাধ্য সন্তান। অর্ক ও বাবার নানা সমীকরণের মধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে দিনা চরিত্রটি। দর্শকরা পছন্দ করবেন কনটেন্টটি। আর ভিকি ভাইয়ের কারিশমা তো আছেই।’

ভিকি জাহেদের পরিচালনায় বেশকিছু জনপ্রিয় কাজ রয়েছে তৌসিফ মাহবুবের। অন্যদিকে, জনপ্রিয় কাজ রয়েছে তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান জুটিরও। সব মিলিয়ে অন্ধ বালক কনটেন্টটিকে দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছেন তৌসিফ মাহবুব।

তিনি বলেন, ‘এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে। সাদিয়া আয়মান বরাবরের মতো খুবই ভালো কাজ করেছেন।’ 

‘অন্ধ বালক’-এ সাদিয়া আয়মানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আছেন শিল্পী সরকার অপু। এ ছাড়াও দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা ও ভিকি জাহেদ।

চরকিতে কনটেন্টটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে। ওটিটি প্লাটফর্ম চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আইয়ের যৌথ প্রযোজনায় চরকির দ্বিতীয় ফ্ল্যাশ ফিকশনটি নির্মিত হয়েছে।

আরও পড়ুন

×