ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সংগীত জীবনের ইতি টানতে চলেছেন তাহসান

সংগীত জীবনের ইতি টানতে চলেছেন তাহসান
×

কনসার্ট শেষে কথা বলছেন তাহসান খান। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৪৫

অভিনয় থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তাহসান খান। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন জনপ্রিয় এই শিল্পী। অস্ট্রেলিয়ায় কনসার্টে শেষে তিনি ঘোষণা দিলেন, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন।

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় সংগীতসফরে আছেন তাহসান। গত ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। ২৭ সেপ্টেম্বর গাইবেন পার্থে।

মেলবোর্নের কনসার্টে গাইতে উঠেই মন খারাপের খবরটি দেন তাহসান। বলেন, ‘অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে, এটা আমার লাস্ট কনসার্ট। আসলে লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানব। ইটস ন্যাচারাল।’

এরপর মজা করেই তাহসান বলেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে। অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়তো আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।’

অভিনয় ছেড়েছেন আগেই
তাহসান এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়িয়েছিলেন। গত বছর তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনও কখনও নিজেকেই বিরতি নিতে হয়। যখন মনে হয় কাজ একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন নিজেকে থামিয়ে দেওয়া উচিত।” এরপর থেকে আর ক্যামেরার সামনে পাওয়া যায়নি তাকে।

নতুন ইনিংস
চলতি বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাহসান। তবে কেন তিনি গান থামানোর কারণ হিসেবে একমাত্র কন্যা আইরাকে সামনে আনলেন, তা নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা চলছে। উল্লেখ্য, তাহসান-মিথিলা দম্পতির বিচ্ছেদের পর থেকে মেয়ে আইরা মায়ের কাছেই বড় হচ্ছে।

২৫ বছরের সংগীতজীবনের সমাপ্তি?
১৯৯৮ সালে ব্যান্ড ব্ল্যাক দিয়ে সংগীতে যাত্রা শুরু করেছিলেন তাহসান। এরপর একক ক্যারিয়ার গড়ার পাশাপাশি গড়েছিলেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ড। বর্তমানে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নিয়ে দেশ-বিদেশে নিয়মিত কনসার্টে পারফর্ম করছিলেন তিনি। সেখানে দাঁড়িয়েই ২৫ বছরের সংগীতজীবনকে বিদায়ের দিকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে হতবাক করে দিলেন ভক্তদের।

আরও পড়ুন

×