ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টাক মাথা নিয়ে প্রশ্ন, সুপারস্টার রজনীকান্তের মজার উত্তর

টাক মাথা নিয়ে প্রশ্ন, সুপারস্টার রজনীকান্তের মজার উত্তর
×

রজনীকান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩৭

২০১০ সালের ব্লকবাস্টার সিনেমা ‘এন্থিরান’ (রোবট) এ একসঙ্গে কাজ করেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। এতে তাদের দম্পতির চরিত্রে দেখা গিয়েছিল, যদিও তাদের বয়সের পার্থক্য ছিল ২৩ বছর। সিনেমা মুক্তির সময় বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠলেও, রজনীকান্ত নিজেই তা রসিকতার ছলে উড়িয়ে দিয়েছিলেন।

সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, এ আর রহমান, ঐশ্বরিয়া রায় এবং রজনীকান্ত। সেখানেই রজনীকান্ত শোনান এক মজার ঘটনা। এক ব্যক্তি বিশ্বাস করতে চাইছিলেন না ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয়ের জন্য রজনীকান্তকে নেওয়া হয়েছে।

রজনীকান্ত জানান, বেঙ্গালুরুতে ভাইয়ের বাসায় এক রাজস্থানি তাকে দেখতে আসেন। নাম নন্দুলাল, বয়স ষাটের বেশি। তিনি এসে প্রথমেই রজনীর টাক মাথা দেখে মজা করে জিজ্ঞেস করেন, ‘চুল কোথায় গেল?’ রজনীকান্ত উত্তর দেন, ‘ঝরে গেছে। যাক, ওসব ভুলে যাও।’

এরপর লোকটি জিজ্ঞেস করেন, তিনি কি অবসর জীবন উপভোগ করছেন। রজনীকান্ত জানান, তিনি ‘রোবট’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে নায়িকা ঐশ্বরিয়া রায়। এটা শুনেই অবাক হয়ে ওই ব্যক্তি বলেন, ‘অরে! ঐশ্বরিয়া রায়? দারুণ মেয়ে তো! তবে হিরো কে?’ রজনীকান্ত হেসে বলেন, ‘আমি-ই হিরো।’ লোকটি তা বিশ্বাসই করেননি। উল্টো আরও নানা প্রশ্ন করেন। তাকে কিছুতেই চুপ করানো সম্ভব হচ্ছি না।

শঙ্কর পরিচালিত ‘এন্থিরান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। সিনেমার কাহিনি ঘোরে রোবটের মানবিক আবেগ অর্জন ও প্রেমে পড়াকে ঘিরে, যা পরে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করে।

সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ২৯১ কোটি রুপি, যার মধ্যে ভারতে আয় হয়েছিল ১৯৩ কোটি রুপি। পরে ২০১৮ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘২.০’, যেখানে রজনীকান্তের সঙ্গে ছিলেন অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন। ‘২.০’ সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছিল ৬৯১ কোটি রুপি। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন

×