অনিমেষের গানে যাপিত জীবনের গল্প
অনিমেষ রায়
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৪৭
লোকগানের ফিউশনধর্মী আয়োজনে অংশ নিয়ে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছিলেন শিল্পী অনিমেষ রায়। অনলাইন সংগীতায়োজন ‘কোক স্টুডিও বাংলা’য় তাঁর গাওয়া ‘নাসেক নাসেক’ গানটি এখনও দর্শক-শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে। এবার অনিমেষ আলোচনায় এসেছেন নাটকের গানে প্লেব্যাক করে।
সম্প্রতি ‘ছু মন্তর ছু’ শিরোনামে ভিন্ন ধাঁচের একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। যেটি রেকর্ড করা হয়েছে ‘ফান্দা’ নামে একক নাটকের জন্য। গানে অনিমেষের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সময়ের আরেক আলোচিত শিল্পী অদিতি রহমান দোলা।
অনিমেষ শুধু ‘ছু মন্তর ছু’ গানের শিল্পী নন, মূলত তিনি এই গানের স্রষ্টা। গীতিকথা লেখার পাশাপাশি গানের সুরও করেছেন তিনি। গানের সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। চলতি সপ্তাহে ক্যাপিটাল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ‘ফান্দা’ নাটকের দৃশ্য নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক এ কে পরাগ।

অনিমেষ রায়ের কথায়, ‘সিনেমা বা নাটকের গান তৈরি করা হয় কাহিনি ও চরিত্রগুলোর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। ‘ফান্দা’ নাটকের বেলায় এর ব্যতিক্রম হয়নি। নাটকে যে কাহিনিতে এবং চরিত্রগুলো তুলে ধরা হয়েছে, তাদের যাপিত জীবন ও বিভিন্ন ঘটনার সঙ্গে মিল রেখেই ‘ছু মন্তর ছু’ গানটির সংযোজন। যা অনেকের ভালো লাগবে বলেই আমাদের বিশ্বাস।’
শিল্পী দোলার কথায়, ‘অনিমেষের কণ্ঠ ও গায়কি যেমন অনেকের চেয়ে আলাদা, তেমনি তাঁর লেখা গীতিকথায় ও সুরে রয়েছে ভিন্নতা; যা সহজেই মনকে নাড়া দেয়। যে কারণে তাঁর সহশিল্পী হিসেবে ‘ছু মন্তর ছু’ গানটি গাইতে গিয়ে অন্য রকম এক ভালো লাগা কাজ করেছে। আশা করছি, গানটি অনেকের মনোযোগ কাড়বে।’
প্রসঙ্গত, গানের পাশাপাশি ‘ফান্দা’ নাটকের কাহিনি, নির্মাণ ও শিল্পীদের অভিনয় অল্প সময়ে দর্শকের মনোযোগ কেড়ে নিয়েছে। নাটকটি নির্মাণ করেছেন এ কে পরাগ; গল্পও লিখেছেন তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, খায়রুল বাসার, আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মি, এ্যালেন টিটু, মুক্তার, মনিশা প্রমুখ।
- বিষয় :
- অনিমেষ রায়
- সংগীতশিল্পী
- সংগীত