রিচ কমে গেছে, কমেন্টে সাড়া দিন- এগুলো আমার কথা নয়: প্রভা
সাদিয়া জাহান প্রভা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৩৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০:০৩
সিনেমা ও নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি তিনি বলেন, তার নামে ভুয়া আইডি খোলা হয়েছে। শুধু তাই নয়, এসব আইডি থেকে অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় যুক্ত হন প্রভা। এ সময় প্রভা বলেন, ‘আমার নাম ও ছবি দিয়ে অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার কথা নয়।’

ফেইক অ্যাকাউন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’
ভক্তদের সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’
এর আগে একটি ভিডিওতে প্রভা বলেন, ‘একজন মহিলা আমাকে ফোন করে বললেন, মোহন নামে আপনার কোনো কাজিন আছে? আমি বললাম না। এরপর তিনি আরও কয়েকজনের নাম বললেন। ওইসব নামে আমার কোনো আত্মীয় নেই। কোনো কথা না বলে তিনি বললেন, ‘তাদের বলে দেবেন আমার টাকাটা যেন তারা দিয়ে দেয়। এই কথা শুনে আমি আশ্চার্য হয়েছি। মনে হয়েছে এটা প্রতারণা। ফেসবুকে আমার নাম করে মানুষের কাছে টাকাও চাওয়া হচ্ছে। প্রথমত, আমি কারো থেকে টাকা ধার চাইব। সবাইকে সাবধান করলাম- আমার নামে ফেক পেজগুলো আনফলো করেন।”

প্রসঙ্গত, আগামীতে দুটি চলচ্চিত্রে দেখা যাবে প্রভাকে। বর্তমানে তা নিয়েই ভীষণ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি তিনি সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’র শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে, তাঁর হাতে রয়েছে ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’ সিনেমার কাজ।
