ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাক্ষাৎকার

ক্রিকেটার হওয়ার স্বপ্নটা পূরণ হলে অভিনেতা হতে পারতাম না: পার্থ

ক্রিকেটার হওয়ার স্বপ্নটা পূরণ হলে অভিনেতা হতে পারতাম না: পার্থ
×

পার্থ শেখ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:২১

পার্থ শেখ। মডেল ও অভিনেতা। নাটক ও ওয়েব কনটেন্ট দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘নয়া নোট’। ওয়েব ফিল্ম ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এ অভিনেতার সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন

‘নয়া নোট’ ওয়েব ফিল্ম নিয়ে দর্শক প্রতিক্রিয়া কী জানার সুযোগ হয়েছে?
সাড়া দারুণ। যারা দেখেছেন, সবাই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমেও প্রশংসা পেয়েছি। বিশেষ করে সংলাপ ‘দুনিয়ায় সব মানুষই কারও না কারও কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্যে, কেউ আবার কোটি টাকার জন্যে।’ দর্শকের কাছে এ সংলাপটি বেশ ভালো লেগেছে। অনন্য প্রতীক চৌধুরীর নির্মাণেও ছিল মুনশিয়ানার ছাপ। আমি এখানে রেহান নামে এক তরুণ চাকরিজীবীর চরিত্রে অভিনয় করেছি, যে চাকরি আর সম্মান দুটোই ধরে রাখার লড়াই করে। চরিত্রটির জন্য দর্শকের কাছ থেকে এখনও প্রশংসা পাচ্ছি।

সম্প্রতি পারিবারিক গল্পের নাটক ‘দেয়াল’-এ অভিনয় করেছেন, অভিজ্ঞতা কেমন ছিল?
অসাধারণ অভিজ্ঞতা। গল্পটা খুবই ভালো, লিখেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব। এখানে আমার সহশিল্পী ছিলেন নওবা তাহিয়া। অনেক সিনিয়র অভিনেতার সঙ্গে কাজের সুযোগ হয়েছে। গল্প বা চরিত্রের বিস্তারিত এখনই বলছি না–দর্শকের জন্য চমক থাকুক।

অভিনেতা না হলে কী হতেন?
অনেকেই জানেন, আমি আগে ক্রিকেট খেলতাম। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে খেলেছি। স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। এক ইনজুরিতে সেই স্বপ্ন ভেঙে যায়। তবে ভেঙে পড়িনি, নতুন স্বপ্ন বুনেছি। এখন অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান। হয়তো ক্রিকেটার হওয়ার স্বপ্নটা পূরণ হলে আজকের আমি অভিনেতা হতে পারতাম না। যদিও মাঠে আর নামি না, খেলা নিয়মিত দেখি।

সিনেমায় অভিনয় নিয়ে কিছু ভাবছেন?  
বড়পর্দায় অভিনয়ের ইচ্ছা সবারই থাকে। এখন নাটক ও ওয়েব মাধ্যমে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। ভালো গল্প আর চরিত্র পেলে অবশ্যই সিনেমায় কাজ করব। 

অভিনয়ের পাশাপাশি নির্মাণও করেন, সেখানে আপনি কিছুটা অনিয়মিত কেন?
পরিচালনা অভিনয়ের চেয়ে অনেক সময়সাপেক্ষ। ভেবেচিন্তে করতে হয়। এখন অভিনয় নিয়ে ব্যস্ত আছি। যখন মনে হবে সময় নিয়ে ভালোভাবে করা সম্ভব, তখনই নির্দেশনায় ফিরব।

রোমান্টিক গল্পের বাইরে কাজের আগ্রহ কেমন?
একজন অভিনেতার জন্য নানা চরিত্রে কাজ করা জরুরি। শুধু রোমান্টিক নয়, ভিন্ন ভিন্ন ধারার কাজ করতে চাই। আমার কাজগুলোর দিকে চোখ বুলালে সহজেই বুঝতে পারবেন। একঘেয়ে চরিত্রে আটকে থাকতে চাই না। সম্প্রতি নতুন ধরনের গল্পের খোঁজ করছি, আর নির্মাতারাও সেসব নিয়ে আমার কাছে আসছেন। আশা করছি, শিগগিরই দর্শক আমাকে আরও  ভিন্নধর্মী চরিত্রে দেখতে পাবেন। চ্যালেঞ্জ থাকে বলে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছি। 

একেবারে নতুন অভিনেত্রীদের সঙ্গেও কাজ করছেন। মালাইকার সঙ্গে অভিনয় করে কেমন লেগেছে? 
অনুতপ্ত নাটকটিতে মালাইকার সঙ্গে অভিনয় করেছিলাম। শুরু থেকেই কেউ অভিনেতা হয়ে জন্মায় না। মালাইকা চেষ্টা করছেন। সবেমাত্র শুরু করেছেন। তিনি অনেক ভালো অভিনেত্রী হবেন। তাঁর মধ্যে সে চেষ্টা আছে। যার মধ্যে চেষ্টা থাকবে সে ভালো করবেই। অনেকে আবারও এই জুটির কাজ দেখার অপেক্ষায় আছেন। 

আড্ডাপ্রিয় মানুষ আপনি। শ্যুটিংয়ের ব্যস্ততায় আড্ডা দেওয়ার সময় পান?
আড্ডা দিতে ভালো লাগে। যদিও এটি আমার জন্য খুব কঠিন। যেদিনই সময় পাই বন্ধুদের সঙ্গে আধাঘণ্টার জন্য হলেও আড্ডা দিই। মন খুলে কথা বলি। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাই দূরে কোথাও।

আরও পড়ুন

×