মুখার্জি বাড়িতে ফের একসঙ্গে কাজল-রানি
কাজল ও রানি মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৪১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ২০:২৭
শরতের আকাশে তুলোর মতো সাদা মেঘ, কাশফুলে ভরা সাদা মাঠ যেন আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে, আর ঢাকের স্বর পুরো আবহকে উজ্জীবিত করছে। বছর ঘুরে আবার শারদীয় দুর্গাপূজার মৌসুম। আর তার মধ্যে আলোচিত হলো মুখোপাধ্যায় পরিবারের পূজা উৎসব।
প্রতি বছর কলকাতায় রানি মুখার্জির চাচা প্রয়াত দেব মুখার্জি পূজা উৎসব আয়োজন করেন। এবার তিনি নেই। তার অবর্তমানে এবার পূজার অয়োজন করেন দেব মুখার্জির ছেলে অয়ন মুখার্জি। এবার মুখার্জি বাড়িতে হাজির হন কাজল ও রানি মুখার্জি। এর আগে কয়েকবার এই দুই অভিনেত্রী মুখার্জি বাড়ির পূজায় দেখা গেছে।
পূজার প্রথম দিনে প্যান্ডেলে ঢুকতেই ভক্তদের চোখে ধরা পড়ল সেই মনোমুগ্ধকর দৃশ্য। কাজল, অফ-হোয়াইট শাড়ির সঙ্গে লাল ব্লাউজে সেজে, যেন নতুন বর্ণের মতো উজ্জ্বল হয়ে উঠেছেন। আর ঠিক পাশেই সাদা জামদানিতে রানি, যিনি হয়ে ওঠেন প্যান্ডেলের রানী। দুজনের মুখে একই রকম হালকা টিপ, কমপ্যাক্ট গয়না, আর সব সময়কার মতো অনাবিল হাসি। প্রতিমার সামনে বসে প্রার্থনা, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, হেসে ছবি তোলা। সবই যেন এক অভিনব মিলনমেলার অংশ।
কাজল, অয়ন মুখার্জি ও রানি মুখার্জি
‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার অঞ্জলি আর টিনার সেই বন্ধুত্ব,সেই হাসি যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। ভক্তদের মনে, এক টুকরো অতীত আবার ফিরে এসেছে।
রানি শুধুই নায়িকা নন; তিনি এই পূজার অন্যতম আয়োজক। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে প্রতিটি কাজের তদারকি, সবকিছুতে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর কাজলও পরিবারের ঐতিহ্যের এই মিলনমেলায় রানির পাশে, কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন।
তবু এবারের পূজার আবহ কেবল আনন্দময় নয়; বরং এক মৃদু শূন্যতার ছোঁয়া ছিল। কারণ, যিনি পূজার প্রতিটি মুহূর্তের প্রাণবন্ত নেতৃত্ব দিতেন, চলতি বছরের শুরুতে প্রয়াত হয়েছেন। তাকে ছাড়া প্রথম পূজা। তবু যেন তার স্মৃতি ভরিয়ে রেখেছে প্যান্ডেলকে। কাজল ও রানির উপস্থিতি সেই শূন্যতা পূর্ণ করে তুলেছে, ঐতিহ্যকে জড়িয়ে ধরে নতুন এক আলো ছড়িয়ে দিয়েছে।
- বিষয় :
- কাজল
- রানি মুখার্জি
