ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জালালুদ্দিন রুমির জীবনী নিয়ে মঞ্চনাটক

জালালুদ্দিন রুমির জীবনী নিয়ে মঞ্চনাটক
×

ছবি-সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:০৬

আধ্যাত্মিক প্রেম ও জ্ঞানের কবি মাওলানা জালালুদ্দিন রুমি। ত্রয়োদশ শতকের ফারসি কবি সুফিতাত্ত্বিক ও আইনজ্ঞের জীবনীকে মঞ্চে এনেছে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপ। ‘জালালুদ্দিন রুমি’ নামে থিয়েটার পারফরম্যান্সটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনার পাশাপাশি নাটকটিতে একক অভিনয় করেছেন সুজন মাহাবুব।

রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। পারফরম্যান্সের কাহিনি গড়ে উঠেছে জালালুদ্দিন রুমির অন্তিম প্রয়াণের শেষ এক ঘণ্টাকে ঘিরে। সূর্য ডোবার পর মাগরিবের নামাজের আজানের মধ্য দিয়ে নাটক শুরু এবং আলোকিত চাঁদের জ্যোৎস্না ফোটার মধ্য দিয়ে নাটকের সমাপ্তি। কেনিয়া রাজ্যের এবং রুম প্রদেশের শাসনকর্তা মঈন উদ্দিন শাহ পরওয়ানের একান্ত অনুরোধে জালালুদ্দিন রুমির মৃত্যু পরবর্তী সমাধিস্থান নির্মাণ ভাবনা এবং শোকগাথা তথা এপিটাফ রচনার প্রেক্ষাপটকে ঘিরেই প্রযোজনাটি।

নাটকটি প্রসঙ্গে সুজন মাহাবুব বলেন, বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের থিয়েটার পারফরম্যান্স ‘জালালুদ্দিন রুমি’ সমকালীন শিল্পের এক অনন্য রূপ। যেখানে পটচিত্র, যাত্রা, বাচিক নাট্য, শ্যাডো থিয়েটার, কবিতা, সুরের আলো ও শরীরের অভিব্যক্তি ব্যবহার একত্র হয়ে সৃজনশীল মঞ্চে সৃষ্টি করছে এক শৈল্পিক প্রকাশভঙ্গি। এ পারফরম্যান্স শুধু বিনোদন নয়; বরং দর্শকের হৃদয়ে আধুনিকতার ভেতরে দার্শনিক ও আধ্যাত্মিক সুরের চিন্তা এবং অনুভূতির নতুন দ্বার উন্মোচন করবে বলে আমাদের বিশ্বাস।

নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, মহাকবি রুদাকী, ফেরদৌসি ও শেখ সাদী পারস্য কাব্য সাহিত্যাকাশে এক একটি স্বর্ণোজ্জ্বল নক্ষত্র। তাদের যোগ্য উত্তরাধিকারী জালালুদ্দিন রুমি। আপন আলোয়, আপন শক্তিতে উদ্ভাসিত রুমিকে ইতিহাসের আলোয় দেখার নাটক ‘জালালুদ্দিন রুমি’। তিনি পারস্যের, তিনি পাশ্চাত্যের আবার তিনিই আমাদের এ প্রাচ্যের। এ নাটক তাঁর বর্ণিল জীবন এবং তাঁর সৃজিত সাহিত্যকর্মকে আশ্রয় করে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে’।

নাটকটি নির্মাণের বিভিন্ন পর্বে রয়েছেন মঞ্চসজ্জায় ফজলে রাব্বি সুকর্ণ, আবহ সংগীতে হামিদুর রহমান পাপ্পু, আলোকসজ্জায় মো. বজলুর রহমান, অঙ্গ রচনায় শুভাশীষ দত্ত তন্ময়।
 

আরও পড়ুন

×