ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মন পড়ে আছে গ্রামের প্রতিটি মণ্ডপে মণ্ডপে: মনোজ প্রামাণিক

মন পড়ে আছে গ্রামের প্রতিটি মণ্ডপে মণ্ডপে: মনোজ প্রামাণিক
×

মনোজ প্রামাণিক। ছবি: ফেসবুক থেকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১৮:০১

শিক্ষক-অভিনেতা মনোজ প্রামাণিক। এবারের দুর্গাপূজা কেটেছে বিদেশ-বিভূঁইয়ে। দেশ থেকে বহুদূর থাকলেও তার মন পড়ে আছে শৈশবের স্মৃতিমাখা মণ্ডপগুলোতে। পূজা নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সমকালকে।

মনোজ প্রামাণিক বলেন, পূজার সময় আমার জন্য শুধু উৎসব নয়; বরং ছোটবেলার স্মৃতির এক জীবন্ত আলাপ। ছোটবেলায় মা আমাকে ঘরে বসিয়ে সুন্দর জামা-কাপড় পরাতেন। আর আমি অধীর হয়ে অপেক্ষা করতাম প্যান্ডেল থেকে ভেসে আসা ঢাকের প্রথম তালের শব্দ। সেই শব্দ আজও আমার কানে বাজে, যেন আমার প্রাণে একটি ছোট গুঞ্জন ছুঁয়ে যায়।

পূজায় মায়ের হাতের তৈরি খাবারই বেশি পছন্দ মনোজের। বললেন- ছোটবেলার গ্রাম, নদী, বাজার ও প্রতিবেশী সব মানুষের সঙ্গে পূজার সময় দেখা হওয়া– এ সবকিছু পূজার বিশেষ আকর্ষণ আমার কাছে। পাশাপাশি পূজার সময় মায়ের হাতের খাবার সবচেয়ে বেশি স্পেশাল। এ ছাড়া নাড়ু, মিষ্টি ও মুড়কি আমার খুবই পছন্দের। 

তিনি বলেন, অন্যদিকে পূজার অনেকটা সময় নিরামিষ খাওয়ার রীতি থাকলেও আমাদের বাসায় নদীর কিছু মাছ রান্না হয়, সেগুলো খুবই প্রিয়। যা এবার খুব মিস করছি। কারণ, বুসান এশিয়ান ফিল্ম স্কুলের বৃত্তি নিয়ে এখন দক্ষিণ কোরিয়ায় আছি। কোর্স শেষ হতে আরও এক মাস লাগবে। তাই এবারের পূজায় দেশে থাকতে পারলাম না। আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভক্ত-অনুসারী সবাইকে খুব মিস করছি। 

বিদেশ থেকে দেশের কথা মনে পড়ছে জানিয়ে অভিনেতা বলেন, গ্রামের বাড়িতে যেতে পারলাম না; সব মিলিয়ে একটু অন্য রকম পূজা কাটছে। বুসানে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এ ছাড়া অনেক বাংলাদেশি পড়াশোনা বা কাজের সূত্রে এখানে আছেন, তাদের সঙ্গেই আমার পূজার সময়গুলো কাটছে। দূরে থাকলে কী হবে, আমার মনটা কিন্তু পড়ে আছে গ্রামের প্রতিটি মণ্ডপে মণ্ডপে। 

আরও পড়ুন

×