ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেঁসে যাওয়ার ভয়েই কি সঞ্জয়ের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী

ফেঁসে যাওয়ার ভয়েই কি সঞ্জয়ের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী
×

মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১৫:৪০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ১৭:০৯

বলিউডের নব্বইয়ের দশকের সবচেয়ে আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম ছিলেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। তাদের সিনেমা ‘সাজন’–এর রোমান্টিক রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। পর্দার বাইরে তাঁদের ঘনিষ্ঠতা নিয়েও তখন তুমুল গুঞ্জন চলত। কিন্তু ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্তের গ্রেপ্তার হওয়ার পর সবকিছুই বদলে যায়। সে সময়ের বিতর্কের জেরে মাধুরী নাকি চুপিসারে দূরত্ব বজায় রাখেন অভিনেতার কাছ থেকে।

সম্প্রতি চলচ্চিত্র সাংবাদিক ও লেখক হানিফ জাভেরি এক সাক্ষাৎকারে সেই সময়ের একটি ঘটনার কথা তুলে ধরেন। মেরি সহেলি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সঞ্জয় দত্ত জামিনে মুক্তি পাওয়ার পর মহান্তা ছবির পরিচালক আফজাল খান একটি পার্টির আয়োজন করেন। উদ্দেশ্য ছিল পুরো টিমকে একত্র করা এবং সাংবাদিকদের সামনে মাধুরী ও সঞ্জয়কে একসঙ্গে উপস্থাপন করা।

জাভেরি বলেন, ‘সঞ্জয় দত্ত যখন জেলে ছিলেন, তখন অনেক বলিউড তারকা তাঁর গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। কিন্তু মাধুরী সেই আন্দোলনে অংশ নেননি। জামিনে মুক্তি পাওয়ার পর আফজাল খান পার্টির আয়োজন করলে মাধুরী সেখানে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দেন। আমি তখন উপস্থিত ছিলাম। দেখি, মাধুরী তাঁর সেক্রেটারি ও কয়েকজন সহকারীকে নিয়ে ঢুকলেন। কিন্তু মঞ্চে না গিয়ে পাশে বসে পড়লেন।’

তিনি জানান, মাধুরী লক্ষ্য করেছিলেন সঞ্জয় দত্ত ইতিমধ্যে মঞ্চে বসে আছেন এবং তাতে তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন।

জাভেরির ভাষ্য, ‘আমি ভেবেছিলাম, কিছুক্ষণ পর হয়তো তারা মঞ্চে উঠবেন। কিন্তু মাধুরী ও তার দল উঠে চলে যান। সব ফটোগ্রাফার অপেক্ষায় ছিলেন তাদের একসঙ্গে ছবিটি তুলবেন বলে। আমি তখনই বুঝেছিলাম-মাধুরী চান না, সঞ্জয় দত্তের সঙ্গে তার ছবি প্রকাশ পাক।’

সাংবাদিক আরও জানান, একসময় এই দু’জনের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। এমনকি মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত মেয়ের বিয়ের কথাও ভাবছিলেন। কিন্তু সঞ্জয়ের বিরুদ্ধে মামলা শুরু হওয়ার পর মাধুরী পুরোপুরি দূরে সরে যান।

জাভেরি বলেন, ‘মাধুরী ভয় পাচ্ছিলেন, হয়তো তাকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারে।’

পরে মাধুরীর পরিবার তাঁর জন্য উপযুক্ত বর খোঁজার চেষ্টা করে। পরে ড. শ্রীরাম নেনের সঙ্গে মাধুরী ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে—আরিন (২০০৩) এবং রায়ান (২০০৫)।

অন্যদিকে, সঞ্জয় দত্ত তিনবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী অভিনেত্রী ঋচা শর্মা ১৯৯৬ সালে ক্যানসারে মারা যান। তাঁদের কন্যা ত্রিশালা বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। এরপর ১৯৯৮ সালে সঞ্জয় বিয়ে করেন মডেল রিয়া পিল্লাইকে, কিন্তু ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। একই বছর তিনি মান্যতা দত্তকে বিয়ে করেন, যাঁদের যমজ সন্তান শাহরান ও ইকরা জন্ম নেয় ২০১০ সালে।

মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত একসঙ্গে অভিনয় করেছেন ‘সাজন’, ‘খলনায়ক’, ‘সাহিবান’, ‘থানেদার’, ‘খতরো কে খেলাড়ি’, ‘কানুন আপনা আপনা’ এবং ‘মহান্তা’ সিনেমায়। দীর্ঘ বিরতির পর তাঁরা আবারও একসঙ্গে পর্দায় আসেন অভিষেক বর্মণের কলঙ্ক সিনেমায়। সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন

×