অর্থহীনের গানে অন্ধকার-প্রতিশোধের গল্প
ছবি-সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ২১:০২ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ২১:০৫
গানের ভুবনে অর্থহীন ব্যান্ডের আবির্ভাব ঘটেছিল সংগীতের নতুন আবহ নিয়ে। একুশ শতকের শুরু থেকে যা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে রক-মেটাল ঘরানার প্রথম সারির এই ব্যান্ড। সে কারণে ব্যান্ডের প্রতিটি অ্যালবামের গানগুলোর গীতিকথায় যেমন থাকে চেনা জীবনের বাস্তব চিত্র, তেমনি থাকে আশাজাগানিয়া গল্প ও প্রতিবাদী সুর। একইভাবে সংগীত মূর্ছনায় ভিন্নতা যোগ করার মধ্য দিয়ে অর্থহীন নিজ পরিচয় তুলে ধরেছেন অন্য সবার চেয়ে আলাদাভাবে।
এ কারণে তাদের প্রতিটি আয়োজন নিয়ে দর্শক-শ্রোতার প্রতীক্ষা ও কৌতূহল চোখে পড়ার মতো। সেইসব ভক্ত-অনুরাগীর কথা মাথায় রেখেই নতুন অ্যালবাম প্রকাশ করছেন অর্থহীন ব্যান্ডের সদস্যরা। নাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। অর্থহীন ব্যান্ডের সদস্যরা জানান, নিজস্বয়তা ধরে রেখেই অ্যালবামের গানগুলো তৈরি করা হয়েছে।
অ্যালবাম প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালীর এসকেএস শপিং মলের দশম তলায় অবস্থিত স্কাইফল রুফটপ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
যেখানে ব্যান্ডের সদস্যরা জানান, ‘ফিনিক্সের ডায়েরি ২’ হলো অর্থহীনের আগের সফল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’-এর সিক্যুয়াল। প্রথম অ্যালবামে ছিল সহনশীলতা ও পুনর্জন্মের গল্প। অন্যদিকে সিক্যুয়ালের গানগুলোর গল্পে উঠে এসেছে অন্ধকার ও প্রতিশোধ। ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেইজ গিটারিস্ট সুমনের কথায়, নতুন এই অ্যালবামটি তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে, যার সুর ও সংগীতায়োজনে শ্রোতারা অর্থহীনকে আবারও নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন। অ্যালবামের গানগুলো সংগীতের সীমানা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা।
সুমন ও তাঁর সংগীত সহযোদ্ধারা আরও জানান, ‘ফিনিক্সের ডায়েরি ২’-এ থাকছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীদের অংশগ্রহণ।
গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনীত গিটারিস্ট ফ্রাঙ্ক গ্যামবালি, মাইক স্টার্ন ও পল সায়মনখ্যাত স্যাক্সোফোনিস্ট বব ফ্র্যাঙ্কেসচিনি, স্টিভি ওয়ান্ডার, ডক্টর ড্রেখ্যাত বেসিস্ট ববি লুইসের মিউজিক কোলাবোরেশন। অ্যালবামের আরেকটি আকর্ষণ হলো এতে বেইজবাবাখ্যাত শিল্পী ও গিটারিস্ট সুমনের ছেলে আহনাফের পরিবেশনা। অ্যালবামটি সদ্য প্রয়াত সংগীতশিল্পী এ. কে. রাতুল-এর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ফিনিক্সের ডায়েরি ২’। পাশাপাশি ভক্তদের জন্য একটি বিশেষ ‘সিক্রেট লিসেনিং পার্টি’ আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।
এদিকে পূর্ণাঙ্গ অ্যালবামের আগেই ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর একটি গান ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। শিরোনাম ‘উন্মাদ’। ২ অক্টোবর গানটি প্রকাশের পর থেকে সমাজমাধ্যমে শ্রোতারা তাদের প্রতিক্রিয়া তুলে ধরা শুরু করেছেন। অনেকের মতে, শিগগিরই নতুন এক অর্থহীনের দেখা পেতে যাচ্ছেন সংগীতপ্রেমীরা। ‘উন্মাদ’ গানের সুর ও সংগীতায়োজন থেকে তারই আভাস মিলছে।
প্রসঙ্গত, বিশ শতকের শেষ প্রান্তে এসেস ও ওয়ারফেজ ব্যান্ডের সাবেক সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন একটি মিউজিক প্রজেক্ট হাতে নেন। প্রকাশ করেন ‘সুমন ও অর্থহীন’ নামের একটি নিরীক্ষাধর্মী অ্যালবাম। এই আয়োজন অনেকের প্রশংসা কুড়ায়। সেই সূত্রে প্রজেক্ট ব্যান্ড থেকে অর্থহীনকে পূর্ণাঙ্গ ব্যান্ড হিসেবে শ্রোতাদের সামনে নিয়ে আসেন সুমন।
একুশ শতকের শুরুতে তিনি প্রকাশ করেন অর্থহীন ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’; যা শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল এবং সংগীতপ্রেমীদের মনে অনুরণন তুলে যাচ্ছে। এরপর আর থেমে থাকার সুযোগ হয়নি অর্থহীনের। ভিন্ন ধাঁচের আটটি অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে তুলে এনেছেন রক-মেটাল ঘরানার গানে নতুন আবহ। সেই সুবাদে জয় করতে পেরেছেন অগণিত শ্রোতাহৃদয়। অনেকবার লাইন আপ পরিবর্তন হলেও এখনও দুর্বার গতিতে এগিয়ে চলেছে এই ব্যান্ড।
- বিষয় :
- অর্থহীন