সিনেমা মুক্তিতে নির্মাতার পাশে নেই কেউ
‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৩:৪২
মুক্তি পেয়েছে সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। ঈদ পরবর্তী সময়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি বর্তমানে চলছে দেশের ২৮টি হলে– এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
শুক্রবার মুক্তি পাওয়া অ্যাকশনধর্মী এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি, আমিন খান, শিরিন শিলা ও মামনুন ইমন। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরলেন নায়িকা পপি। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল তাঁর কোনো সিনেমা। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত দ্য ডিরেক্টর।
অন্যদিকে, সাত বছর পর প্রেক্ষাগৃহে ফিরেছেন আমিন খান, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ ছিল তাঁর সর্বশেষ সিনেমা।
সাদেক সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ সমাজের অন্যায়, ঘুষ, দুর্নীতি, অপরাধ ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে এক নারীর গল্প। পপিকে দেখা যাবে এক সাহসী পুলিশ কর্মকর্তার ভূমিকায়, যিনি এক অপরাধীকে বিয়ে করার পর কঠিন বাস্তবতার মুখোমুখি হন এবং নিতে হয় এক সংকটময় সিদ্ধান্ত। পপির বিপরীতে অভিনয় করেছেন আমিন খান, আর ইমনের বিপরীতে রয়েছেন শিরিন শিলা।
তবে তারকায় ঠাসা সিনেমা হয়েও মুক্তির সময় পাশে পেলেন না কাউকে– এমনই অভিমত জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি কোনো শিল্পীকেই। না সরাসরি, না ভার্চুয়ালি। ফলে অনেকটাই নিরবচ্ছিন্ন আলোচনাহীন অবস্থায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
জানা গেছে, প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করা পপি বর্তমানে আড়ালে রয়েছেন। মিডিয়া সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গেই এখন আর যুক্ত নন তিনি। ফলে সিনেমার প্রচারণায়ও অংশ নেননি। এ বিষয়ে পরিচালক জানান, ‘আমি পপিকে বারবার ফোন করেছি, সে আশ্বাসও দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো কাজ করেনি। তবুও আমার কোনো আক্ষেপ নেই। সিনেমাটি আমার, আমি বানিয়েছি, বিনিয়োগও আমার। সব দায়িত্ব আমাকেই নিতে হবে।’
পরিচালক আরও বলেন, ‘সিনেমার দুই নায়ক আমিন খান ও ইমন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আরেক নায়িকা শিরিন শিলা দেশে থাকলেও কোনো প্রচারণায় অংশ নেননি। তাই প্রচারণা সম্ভব হয়নি। শিরিন শিলা একা দেশে আছে– সে একা কী-ই বা করতে পারে।’
দেশে না থাকলেও সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা বা পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো যেত– এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘কেন তারা সেটাও করছে না, সেটা আমি জানি না। আমি শুধু জানি, সিনেমাটা আমার। তাই সবকিছু আমাকেই করতে হচ্ছে।’
‘ডাইরেক্ট অ্যাটাক’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
