কুমার বিশ্বজিতে কথা-সুরে কিশোরের গান, পান্থ কানাইও আছেন ভিডিওতে
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৩:৩৭
ধারাবাহিকভাবে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাস। শ্রোতার প্রত্যাশা পূরণের পাশাপাশি প্রতিটি গানে রেখে চলেছেন সময়ের ছাপ। তবে এবার সংগীতের ভিন্নধর্মী এক আয়োজন তুলে ধরতে যাচ্ছেন দর্শক-শ্রোতার কাছে; যার শিরোনাম ‘জটিল মানুষ’। এই গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন বরেণ্য কণ্ঠশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ। শুধু তা-ই নয়, গানটির মিউজিক ভিডিওর কনসেপ্টও তাঁর।
সংগীতায়োজন করেছেন শিল্পী কিশোর দাস নিজে। নন্দিত অভিনেতা মীর সাব্বির, মুকিত জাকারিয়া ও তারকা কণ্ঠশিল্পী পান্থ কানাইকে নিয়ে নির্মাণ করা হয়েছে গানের ভিডিও। এটি পরিচালনা করেছেন নির্মাতা আরাফাত সেতু। ২৩ অক্টোবর কিশোর দাসের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
কিশোরের কথায়, কুমার বিশ্বজিতের মতো কিংবদন্তিতুল্য একজন শিল্পী এবং সুরকারের সঙ্গে কাজ করতে পারা অন্য রকম আনন্দের; যা ভাষায় প্রকাশ করা কঠিন। ‘জটিল মানুষ’ গানের কথা-সুর ছাড়াও মিউজিক ভিডিওর নির্মাণ ভাবনাও তাঁর। ভালো লাগার আরেকটি বিষয় হলো, এই আয়োজনে অভিনয় ও সংগীতজগতের তিন জনপ্রিয় তারকাকে একসঙ্গে পাওয়া। আরাফাত সেতুও চেষ্টা করেছেন মিউজিক ভিডিও নির্মাণে নতুনত্ব তুলে ধরার। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে শিল্পীজীবনের ভিন্নধর্মী এক আয়োজন; যা অনেকের ভালো লাগবে বলেও এই শিল্পীর বিশ্বাস।
এদিকে ‘জটিল মানুষ’ ছাড়াও সাম্প্রতিক সময়ে আরও বেশ কিছু গানের আয়োজন নিয়ে ব্যস্ত কিশোর দাস; যেগুলো বছরের বিভিন্ন প্রান্তে প্রকাশ পাবে বলে জানিয়েছেন এই শিল্পী ও সংগীতায়োজক।
- বিষয় :
- কুমার বিশ্বজিৎ
- নতুন গান
