ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রেক্ষাগৃহের পর ছোটপর্দায় মন্দিরার ‘কাজলরেখা’

প্রেক্ষাগৃহের পর ছোটপর্দায় মন্দিরার ‘কাজলরেখা’
×

‘কাজলরেখা’ সিনেমার একটি দৃশ্যে মন্দিরা চক্রবর্তী। ছবি: কাজলরেখা টিমের সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১৮:৫৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ১৮:৫৬

‘কাজলরেখা’ সিনেমাটি মুক্তি পেয়েছে গেল বছর। মন্দিরা চক্রবর্তী এতে অভিনয় করেছেন মূল ভূমিকায়। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে। সংগীতনির্ভর এই সিনেমাটি কোনো টেলিভিশনের পর্দায় এখনও দেখা যায়নি। দর্শকের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। 

সম্প্রতি টিভি স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন সিনেমার নির্মাতা পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। সামনে কোনো একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে এটি দেখতে পাবেন দর্শকরা।

মন্দিরা বলেন, ‘যখন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল তখন দর্শকদের কাছে থেকে প্রশংসা পেয়েছিলাম। শুনেছি, এটি টিভিতে প্রচার হবে। ভালোই লাগছে। এখন বেশি দর্শক এটি দেখতে পাবেন।’


‘কাজলরেখা’ সিনেমার একটি দৃশ্য। ছবি: কাজলরেখা টিমের সৌজন্যে

বাংলা লোকসংস্কৃতির ঐতিহ্যের স্মারক ‘মৈমনসিংহ গীতিকা’। বৃহত্তর ময়মনসিংহ জেলা, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের জীবনের ১০টি পালা দিয়ে সাজানো হয়েছে এ গীতিকা। এর ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

মন্দিরা ছাড়াও সিনেমায় কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সূচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ।

এ ছাড়া কঙ্কনদাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ।

আরও পড়ুন

×