ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘শোলে’ সিনেমার আসরানি মারা গেছেন

‘শোলে’ সিনেমার আসরানি মারা গেছেন
×

‘শোলে’ সিনেমার দৃশ্যে গোবর্ধন আসরানি। ছবি: বলিউড সাদিস।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১৩:৪৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ১৪:১৭

ভারতের কিংবদন্তি কৌতুকাভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন। সোমবার বিকেল ৪টার দিকে তিনি মারা করেন। অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তার ভাতিজা অশোক আসরানি। মৃত্যুকালে আসরানির বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মহারাষ্ট্র অঙ্গরাজ্যের মুম্বাই শহরের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন আসরানি। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল। কয়েকদিন চলে যমে মানুষে টানাটানি। অবশেষে দীপাবলির আলোর মাঝে হারিয়ে গেলেন হিন্দি সিনেমার কিংবদন্তি কমেডিয়ান।

পাঁচ দশকের বেশি সময়জুড়ে ৩৫০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন গোবর্ধন আসরানি। তবে তার সবচেয়ে বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’ ছবির জেলার। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আমজাদ খানের মতো তারকার ভিড়ে তার জেলার চরিত্র দর্শকদের মনে অমলিন হয়ে আছে আজও। এই চরিত্রই আসরানিকে ভারতীয় সিনেমার ইতিহাসে কৌতুকাভিনেতাদের মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

প্রয়াত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোলে’ সিনেমার পরিচালক রমেশ সিপ্পি বলেন, ‘এই মৃত্যুটা খুব হঠাৎ মনে হচ্ছে। সম্প্রতি আমাদের দেখা হয়েছিল, তখন তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। আমি তাঁকে সবসময় মনে রাখব। ‘শোলে’-র জেলারের চরিত্রটি তার জীবনের শ্রেষ্ঠ কাজ। আমার মনে হয়, এই চরিত্রটি অভিনয়ের জন্যই তিনি জন্মেছিলেন।’

এছাড়া ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘চুপকে চুপকে’, ‘অভিমান’, ‘সরগম’, ‘অমর আকবর অ্যান্টনি’-প্রতিটি সিনেমায় তার উপস্থিতি দর্শকদের মনে হাসির সঞ্চার করেছে।

১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চলে মুরারি হিরো বননে’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওই চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিজেই সামলেছিলেন। 

অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চিত্রনাট্যও লেখা ও পরিচালনাও করেছেন আসরানি। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সালাম মেমসাব’ ছবিটিও নিজে পরিচালনা করেছিলেন।

আরও পড়ুন

×