ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজনীতি-সন্ত্রাস-সীমান্ত সংঘাত নিয়ে ‘রক্তবীজ ২’, কী আছে ছবিতে

রাজনীতি-সন্ত্রাস-সীমান্ত সংঘাত নিয়ে ‘রক্তবীজ ২’, কী আছে ছবিতে
×

‘রক্তবীজ ২’ সিনেমার একটি পোস্টারে মিমি চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি ও আবীর চট্টোপাধ্যায়। ছবি: ইন্দুলগে এক্সপ্রেস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১৬:৩৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ২০:৪২

গেল দুর্গাপূজায় ভারতে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। সিনেমাটি শুধু অ্যাকশন থ্রিলার নয়, এটি রাজনীতি, কূটনীতি ও ইতিহাসের সংমিশ্রণে গড়া এক জটিল গল্প। পরিচালক শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় এই সিনেমায় বাংলাদেশ-ভারত সম্পর্কের নানা বিষয় পর্দায় তুলে এনেছেন।

সিনেমাটি তৈরি হয়েছে সাংবাদিক গৌতম লাহিড়ীর বই ‘রাজনীতি থেকে কূটনীতি’ অবলম্বনে, যেখানে ভারতের সাবেক ও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। এতে প্রণব মুখার্জির ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি। আর শেখ হাসিনা ও খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সীমা বিশ্বাস ও স্বাগতা মুখার্জি। আরও আছেন আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি।

রাজনীতির পটভূমি
২০০৭ সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘মাইনাস টু ফর্মুলার’ ধারণা আলোচনায় আসে। ওই সময় বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কীভাবে বাইরে রাখা যায় তা নিয়ে অনেক কথা হয়। ‘রক্তবীজ ২’ ছবিতে সেই সময়কার রাজনৈতিক অস্থিরতার কথা উঠে এসেছে।


‘রক্তবীজ ২’ সিনেমার অন্যতম একটি পোস্টার

সন্ত্রাস, সীমান্ত ও কূটনীতির সংঘাত
চলচ্চিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তঃসীমান্ত সন্ত্রাস ও নিরাপত্তা রাজনীতির চিত্রায়ণ। পরিচালক দেখিয়েছেন সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান কীভাবে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে। দুর্গাপূজা ও বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সাজানো গল্পে এক সন্ত্রাসী ষড়যন্ত্রের সূত্র জুড়ে দেওয়া হয়েছে, যা সিনেমাটিকে আরও থ্রিলার করে তুলেছে।

চলচ্চিত্রের নান্দনিকতা 
ছবিটি নির্মাণগত দিক থেকেও প্রশংসনীয়। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ক্যামেরার ব্যবহার, দৃশ্যের গতি, সংলাপের ভারসাম্য—সব মিলিয়ে এটি মূলধারার বাংলা সিনেমায় যোগ করেছে নতুন মাত্রা। ছবিটি সাংস্কৃতিক প্রতীকও বটে, যা মনে করিয়ে দেয়-ঐক্যের শক্তিই আসল প্রতিরোধ। 'রক্তবীজ-২' পশ্চিমবঙ্গ ছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোরে।

আরও পড়ুন

×