ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্মৃতি ইরানির ধারাবাহিকে বিল গেটস, আসছেন উইল স্মিথও

স্মৃতি ইরানির ধারাবাহিকে বিল গেটস, আসছেন উইল স্মিথও
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১৮:১০

রাজনীতি থেকে টেলিভিশনের পর্দায় ফিরে এসেই যেন নতুন ইতিহাস গড়ছেন স্মৃতি ইরানি। দীর্ঘ ১৭ বছর পর অভিনয়ে ফেরার পর একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক `কিঁউ কি সাস ভি কভি বহু থি'-এর নতুন সংস্করণে তুলসী চরিত্রে বাজিমাত করছেন তিনি। এবার এই ধারাবাহিকে যুক্ত হতে যাচ্ছেন এমন এক অতিথি, যাকে কেউ ভাবতেও পারেননি-মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত সমাজসেবক বিল গেটস! শুধু তাই নয়, গুঞ্জন চলছে, অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথও নাকি হাজির হতে পারেন পর্দায়।

সম্প্রতি প্রকাশিত সিরিয়ালের নতুন প্রোমোতেই এই চমকের আভাস মিলেছে। জানা গেছে, খুব শিগগিরই প্রচারিত হতে যাওয়া বিশেষ পর্বে দেখা যাবে বিল গেটসকে। তবে তাঁর উপস্থিতি নিছক প্রচারণা নয়-এর নেপথ্যে রয়েছে একটি মানবিক উদ্যোগ।

বিশ্বব্যাপী অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্যসুরক্ষায় সচেতনতা গড়ে তুলতে কাজ করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সেই প্রচারণার অংশ হিসেবেই বিল গেটস যুক্ত হচ্ছেন এই জনপ্রিয় ভারতীয় ধারাবাহিকে। আর এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছেন স্মৃতি ইরানিই। জানা যায়, একাধিকবার ভিডিও কলে গেটসের সঙ্গে কথা বলে তাঁকে রাজি করিয়েছেন তিনি।

ধারাবাহিকের আসন্ন পর্বে গেটসকে দেখা যাবে তুলসী ও তাঁর মেয়ে পরিধি বিরানির জটিল সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে। প্রতিবেদনে জানা গেছে, পরিবারের কলহ মেটাতে পরামর্শ দিতেই উপস্থিত হবেন বিল গেটস-অর্থাৎ, তুলসীর ঘরের অশান্তিতে শান্তির দূত হয়ে আসছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্ব।

এ প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, `ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। বহু বছর ধরেই নারী ও শিশুস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিনোদন জগতে অবহেলিত ছিল। বিল গেটসকে এই আলোচনায় যুক্ত করা এক যুগান্তকারী পদক্ষেপ।'

এতেই শেষ নয়-বিনোদন দুনিয়ায় গুঞ্জন, বিল গেটসের পর এবার নাকি হাজির হতে চলেছেন উইল স্মিথও! শোনা যাচ্ছে, তুলসী ও মিহিরের দূরত্ব ঘোচাতে নাকি দেখা যাবে তাঁকে। এমনও আলোচনা আছে, অস্কারের মঞ্চে স্মিথের বিতর্কিত ‘চড়কাণ্ড’ থেকে অনুপ্রেরণা নিয়েই নাকি তৈরি হচ্ছে তাঁর চরিত্র-যেখানে তিনি ভালোবাসা ও মর্যাদার পক্ষে রুখে দাঁড়াবেন, যেমন করেছিলেন বাস্তবেও।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই থেকে স্টার প্লাস ও জিও হটস্টার-এ সম্প্রচার শুরু হয়েছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-এর নতুন অধ্যায়। দর্শকমহলে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে সিরিয়ালটি। আর এখন বিল গেটস ও সম্ভাব্য উইল স্মিথের আগমনে এই নাটক যে টিআরপির নতুন রেকর্ড গড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন

×