ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এবার গান নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন মিলা

এবার গান নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন মিলা
×

মিলা: ছবি: শিল্পীর থেকে পাওয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ১৩:৫৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ | ১৪:০৬

কানাডার পর এবার দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন তারকা কণ্ঠশিল্পী মিলা ইসলাম। ২৬ অক্টোবর কোরিয়ার ২০তম অভিবাসী আরিরাং বহুসংস্কৃতি উৎসব উপলক্ষে চাংওনের কেন্দ্রস্থলে অবস্থিত ইয়ংজি কালচারাল পার্কের মূল মঞ্চে পারফর্ম করবেন তিনি। এরই মধ্যে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন এই কণ্ঠশিল্পী।

এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা এবং বাংলা সংগীতের জন্য এটি একটি গর্বের মুহূর্ত বলে মনে করছেন মিলা। এতে তার সঙ্গে  উপস্থিত থাকবেন তাঁর দলের সদস্য-এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) এবং নাঈম (ড্রামস)।

এবারের সফরে গানে গানে প্রবাসী বাঙালিদের পাশাপাশি স্থানীয় দর্শকদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান কণ্ঠশিল্পী।

অনেক দিন আড়ালে থাকার পর নতুন করে গানের ভুবনে পা রেখেছেন পপতারকা মিলা ইসলাম। এরই মধ্যে ‘ইনসাফ’ সিনেমায় প্লেব্যাক করে আবার সাড়া ফেলেছেন শ্রোতাদের মাঝে। তাঁর গাওয়া ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি শ্রোতাদের এখন মুখে মুখে ফিরছে। সেই সুবাদে নতুন গান আয়োজন নিয়ে মিলার ব্যস্ততা যেমন  বেড়েছে, তেমনি দেশ-বিদেশের মঞ্চে ডাক পড়ছে তাঁর। সে কারণেই বাংলা গানের জন্য তৃষিত প্রবাসীদের আহ্বানে সাড়া দিতে কানাডার পর এবার দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন মিলা। 

এদিকে গানের ভুবনে পথচলার দুই দশক পূর্ণ করছেন মিলা। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া নিয়ে তিনি বলেন, অনেকে বলে, “দীর্ঘ সফর”, কিন্তু আমি সেটাকে দীর্ঘ ভাবতে চাই না। কারণ, আমি এখনও অনেক কিছু দিতে চাই। অনেক মঞ্চ, অনেক গান, অনেক শ্রোতা আমার অপেক্ষায়। হ্যাঁ, মাঝেমধ্যে যখন চুপ করে বসে থাকি, তখন মনে হয় সত্যিই কি ২০ বছর পার হয়ে গেল? অথচ মনে হয়, মাত্র কিছু দিন আগেই শুরু করলাম। শ্রোতাদের হাসিমুখ, তাদের উচ্ছ্বাস, আর মঞ্চে আমার নাম ধরে ডাক, এগুলো আমাকে প্রতিনিয়ত নতুন করে বাঁচায়, নতুন করে গান গাইতে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন

×