বুসান থেকে ফিরে শুটিংয়ে ব্যস্ত মনোজ
মনোজ প্রামাণিক। ছবি: অভিনেতার ফেসবুক থেকে সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২০:১২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ২০:৫৯
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে সাত মাসের চলচ্চিত্র প্রযোজনা বিষয়ক কোর্স শেষে দেশে ফিরেছেন অভিনেতা ও প্রযোজক মনোজ প্রামাণিক। গত মার্চে তিনি ভর্তি হয়েছিলেন বুসান এশিয়ান ফিল্ম স্কুলের ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে। এই দীর্ঘ কোর্স শেষে ২২ অক্টোবর তিনি দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। ফিরে আসার পরের শনিবারই অংশ নিয়েছেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে।
মনোজ বলেন, “বুসানে থাকাকালীন অভিনয়টা খুব মিস করতাম। ওখানে থাকতেই এই বিজ্ঞাপনের বিষয়ে কথা হয়েছিল। সাত মাস পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে দারুণ লাগছে।”
বুসান এশিয়ান ফিল্ম স্কুলের অভিজ্ঞতা প্রসঙ্গে মনোজ জানান, “এই কোর্সে মূলত প্রযোজনার নানা দিক শেখানো হয়েছে। পাশাপাশি প্র্যাকটিকেল ক্লাসের মাধ্যমে শিখেছি, কীভাবে একটি সিনেমাকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করতে হয়। বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফিল্ম মার্কেটে আমাদের প্রজেক্ট নিয়ে পিচিং করার সুযোগ পেয়েছিলাম– যা ছিল অত্যন্ত রোমাঞ্চকর।”
তিনি আরও বলেন, “কোর্সে এশিয়ার ১৫টি দেশের ২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সবাই মিলে থাকা-খাওয়া, রান্না করা, ক্লাস করা– মনে হতো যেন আবার ছাত্রজীবনে ফিরে গেছি। বিভিন্ন দেশের মানুষের সঙ্গে মেলামেশায় সংস্কৃতির চমৎকার এক বিনিময় হয়েছে। ১৫টি দেশের বন্ধু পাওয়া আমার জীবনের বড় প্রাপ্তি।”
অভিনয়ের পাশাপাশি মনোজ প্রামাণিক বেশ কিছুদিন ধরেই প্রযোজনার সঙ্গে যুক্ত। তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র নামেই চলচ্চিত্র নির্মাণের কাজ করে আসছেন তিনি। ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সেয়ানা’ সিনেমার প্রযোজক তিনি নিজেই।
এ প্রসঙ্গে মনোজ বলেন, “এই কোর্সের অভিজ্ঞতা একজন প্রযোজক হিসেবে আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে কীভাবে চলচ্চিত্র উপস্থাপন, নেটওয়ার্ক তৈরি ও ফান্ড সংগ্রহ করতে হয়– এসব বিষয়ে বিস্তারিত জ্ঞান পেয়েছি।” তিনি জানান, ‘সেয়ানা’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে। অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়াও চলছে। আগামী বছরের প্রথম ভাগেই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন ইকবাল হাসান খান।
বিদেশে প্রযোজনার পাঠ শেষে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন মনোজ। দেশে ফিরে অভিনয় ও প্রযোজনার নতুন যাত্রায় তাঁর লক্ষ্য বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা। এমনটিই জানিয়েছেন তিনি।
- বিষয় :
- মনোজ প্রামাণিক
