ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারেকের ‘টাকা’র গল্পে জোভান-পায়েল

তারেকের ‘টাকা’র গল্পে জোভান-পায়েল
×

ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ১৬:৫৬

অর্থের মোহে মানুষ কী না করে। কেউ সৎপথে চলে, কেউ আবার শর্টকাট পথ খুঁজে নিয়ে সহজেই টাকাওয়ালা হতে চায়। এমনই এক মোহ, শর্টকাট বড়লোক হওয়ার গল্প নিয়ে ডার্ক কমেডির নাটক নির্মাণ করেছেন তারেক রহমান। নাম ‘টাকা’।

‘টাকা’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান। জোভানের চরিত্রে আছে মনস্তাত্ত্বিক ছায়া ও ডার্ক কমেডির নতুন রূপ, যা দর্শকদের চমকে দেবে বলে জানান নির্মাতা।

তারেক রহমান বলেন, “বাংলাদেশে ডার্ক কমেডি থ্রিলার গল্প নিয়ে নাটক খুব একটা তৈরি হয় না। দারুণ একটি গল্প নিয়ে ‘টাকা’ নাটক নির্মাণ করেছি। এখানে উঠে আসছে টাকার মোহসহ নানা বিষয়। সেই সঙ্গে থাকবে অন্ধকার জগতের কিছু কথা, যা দর্শকদের ভিন্নরকম অভিজ্ঞতা দেবে।”

এ নাটকে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।

নাটকটির চিত্রগ্রাহক সুমন হোসেন, সঙ্গীত পরিচালক সাইদ নাফিস, শিল্প নির্দেশক কামরুজ্জামান সুমন, মেকআপ শিল্পী মাসুদ রানা। এটি জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলে আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে।

আরও পড়ুন

×