ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমার কাছে গুরুত্বপূর্ণ হলো অভিনয়, মাধ্যম নয়: পারসা

আমার কাছে গুরুত্বপূর্ণ হলো অভিনয়, মাধ্যম নয়: পারসা
×

পারসা ইভানা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ২০:৪৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ২০:৫৬

পারসা ইভানা। মডেল ও অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের একটি শর্ট কোর্স নাচের স্কুল ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে সম্পন্ন করেছেন একটি নাচের কোর্সও। বর্তমানে দেশে অবস্থান করছেন তিনি। অংশ নিচ্ছেন নানা আয়োজনে। তবে অভিনয়ে খুব একটা দেখা যাচ্ছে না তাঁকে। এসব নিয়েই কথা হয় তাঁর সঙ্গে... 

হঠাৎ করে যুক্তরাষ্ট্রের নাচ ও অভিনয়ের কোর্স করার কারণ কী?
কোনো কারণ নেই। মানুষের তো শেখার শেষ নেই। একজন আর্টিস্টের মৃত্যু পর্যন্ত শেখার অতৃপ্তি থাকে।  তবে আমি মূলত ঘুরতে গিয়েছিলাম যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার পর সিদ্ধান্ত নেই ঘুরাঘুরি পাশাপাশি সময়টাও একটু শিক্ষাতেও কাজে লাগাই। সেই চিন্তা থেকেই কোর্সগুলো করা। অভিনয় করার পর মনে হয়েছে, আমি উত্তম সিদ্ধান্তই নিয়েছিলাম। এই শিক্ষা আমাকে ভেতর থেকে অনেক সমৃদ্ধ করেছে। আর আমি যেহেতু নাচের মানুষ, তাই অভিনয়ের পাশাপাশি স্টেপস অন ব্রডওয়ে-তে নাচের কোর্স করেছি। সময়টা কাজে লাগাতে কিছু স্টেজ পারফরম্যান্সেও অংশ নিয়েছিলাম। সব মিলিয়ে সময়টা উপভোগের পাশাপাশি নিজেকেও সমৃদ্ধ করেছি। 

নিজকে সমৃদ্ধ করেছেন, বলছেন। তা কী ধরনের সমৃদ্ধ?
অভিনয় এমন একটা বিষয়, যা এক দিনে শেখা যায় না। এটি চর্চার বিষয়। কোর্সটা করে অভিনয়ে শৃঙ্খলা, ম্যানার, এক্সপ্রেশন, ইমোশন– এসব বিষয়ে অনেক কিছু শিখেছি। আমার শিক্ষক বলেছিলেন, ‘নিজের মতো হও, অন্য কারও মতো হতে যেও না; যা অনুভব কর, সেটা তোমার নিজের মতো করে প্রকাশ কর।’ এই কথাটা অনুভব করে চলতে পারলে দারুণ সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে। 

দেশে ফিরলেন। কিন্তু অভিনয়ে তো আপনাকে দেখা যাচ্ছে না...
দেশে ফেরার পর বিশ্রামের দরকার ছিল। তাই বেশ খানিকটা সময় বিশ্রামে  কাটাই। এরপর কিছু ফটোশুট করেছি, তবে বড় কোনো কাজ এখনও হাতে নেই। কিছু প্রস্তাব নিয়ে কথা চলছে, ভালো কিছু হলে শিগগিরই নতুন খবর দিতে পারব। আমি চাইছি, এমন একটি কাজ দিয়ে ফিরতে, যেটা হবে আমার জন্য নতুন এক সূচনা।

দেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেল পয়েন্টে আপনি ছিলেন। এটির পঞ্চম সিজন চলছে কিন্তু আপনি নেই...
চতুর্থ সিজনে আমার চরিত্রটি যেখানে শেষ হয়েছিল– (ইভার দেশের বাইরে চলে যাওয়া) সেখান থেকে যদি পরিচালক মনে করেন পরের সিজনে ফিরিয়ে আনবেন, তাহলে দেখা যেতে পারে। আমি ভাইয়ার সঙ্গে এখনও এ নিয়ে কথা হয়নি। তবে আমি না থাকলেও সিরিজে আমার উপস্থিতি আছে– চরিত্রটি নিয়ে কথা হচ্ছে, ছবি দেখানো হচ্ছে। এটা ভালো লাগারই বিষয়।

শোনা যাচ্ছে সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন?
অনেকে সিনেমা করছে বলে আমাকেও করতে হবে– বিষয়টা তেমন নয়। আবার করব না, এমনও নয়। পরিচালকরা যদি কোনো গল্পে আমাকে উপযুক্ত মনে করেন, অবশ্যই কাজ করব। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ‘অভিনয়’, মাধ্যম নয়। গল্প ও চরিত্র যদি ভালো লাগে, সেটা ইউটিউব, ওটিটি বা বড় পর্দা– যেখানেই হোক, আমি অভিনয় করব। আমি সব মাধ্যমেই অভিনয় করার জন্য প্রস্তুত। পরিচালকরা আমাকে যে কোনো মাধ্যমেই ভাবতে পারেন।  আমাদের দেশে এখন দারুণ দারুণ সিনেমা নির্মিত হচ্ছে। সিনেমার গল্পগুলো মানুষ গ্রহণ করছেন। আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ ব্যবসা করছে সিনেমাগুলো। ব্যাটে-বলে মিলে গেলে সিনেমাতেও দেখা যেতেই পারে। তবে সেটি হলে সবাই আনুষ্ঠানিকভাবেই জানবেন।

আরও পড়ুন

×