ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গ্র্যামি মনোনয়নের শীর্ষে কেনড্রিক লামার, আলোচনায় কে-পপ

গ্র্যামি মনোনয়নের শীর্ষে কেনড্রিক লামার, আলোচনায় কে-পপ
×

‘বাঁ থেকে উপরে) ব্যাড বান্নি, জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, (নীচে) লেডি গাগা, কেনড্রিট লামার ও লিওন থমাস। কোলাজ: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৮:৫৪ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ | ১৮:৫৯

বর্তমান বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদার আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার অনলাইনে গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেকর্ডিং একাডেমির সিইও হার্ভি ম্যাসন জুনিয়র। মোট ৯৫টি বিভাগে মনোনীতদের নাম প্রকাশের আয়োজনে অংশ নেন তারকারা।

এবারের ঘোষণায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন মার্কিন র্যা পার কেনড্রিক লামার। টানা দ্বিতীয় বছরের মতো তিনি মনোনয়নে শীর্ষে অবস্থান করছেন। ২০২৫ সালে পাঁচটি গ্র্যামি জয়ের পর এবার ২০২৬ সালের জন্য তিনি মনোনীত হয়েছেন মোট ৯টি বিভাগে। এর মধ্যে রয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট র্যা প অ্যালবাম’।

‘জিএনএক্স’ অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এ লামার প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যাড বানি, জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, লেডি গাগা, টাইলর, দ্য ক্রিয়েটরসহ বেশ কয়েকজন তারকার সঙ্গে।

লামারের ঠিক পরেই রয়েছেন লেডি গাগা। সংগীত প্রযোজক সার্কিট ও জ্যাক আন্তোনফের সঙ্গে সাতটি করে মনোনয়ন পেয়েছেন তিনি। সাবরিনা কার্পেন্টার, ব্যাড বানি ও থমাস পেয়েছেন ছয়টি করে মনোনয়ন।

প্রথমবারের মতো গ্র্যামির সবচেয়ে বড় তিনটি বিভাগ অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার এবং সং অব দ্য ইয়ার এই তিনটিতেই একসঙ্গে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ ভাষার শিল্পী ব্যাড বানি। তাঁর গান ‘ডিটিএমএফ’ রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে লড়বে বিলি আইলিশ, লেডি গাগা, লামার এসজেডএ, কার্পেন্টারসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে। গতবারের ‘বেস্ট নিউ আর্টিস্ট’ বিজয়ী চ্যাপেল রোন এ বছরের মনোনীতদের নাম প্রকাশ করেন।

এবার সেই বিভাগে আছেন অলিভিয়া ডিন, দ্য মারিয়াস, অ্যাডিসন রে, ক্যাটসাই, থমাস, অ্যালেক্স ওয়ারেন, সোম্বর ও লোলা ইয়াং। এবার নতুনভাবে যুক্ত হওয়া বিভাগ ‘বেস্ট অ্যালবাম কাভার’-এ প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছে ওয়েট লেগ, ডিজো, ব্যাড বানি, পারফিউম জিনিয়াস ও টাইলর, দ্য ক্রিয়েটর। অন্যদিকে টানা আলোচনায় থাকা টেলর সুইফট এবার মনোনয়ন তালিকায় নেই, কারণ তাঁর ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি মনোনয়নের সময়সীমার পরে প্রকাশিত হয়েছে।

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য প্রায় ২৩ হাজার কনটেন্ট জমা পড়েছে। এরমধ্যে ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে জমা পড়ে সর্বাধিক মোট ১ হাজার ১৫টি গান। সবচেয়ে কম (৪৮টি) কনটেন্ট এসেছে বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া বিভাগে। জমা হওয়ার পর পর্যালোচনা ও যাচাই করে ভোটিং সদস্যদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। প্রায় ১৫ হাজার সংগীতশিল্পী, সমালোচক ও সংগীত জগতের পেশাজীবীরা ভোট দিয়ে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেন। আগামী ১২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রেকর্ডিং একাডেমির আয়োজনে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় তারকাবহুল অনুষ্ঠানে গ্র্যামির পুরস্কার বিতরণ হবে। যুক্তরাষ্ট্রে সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক শেষবারের মতো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে দেখা যাবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন।

আরও পড়ুন

×