ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘দ্য ফ্যামিলি ম্যান’

প্রাক্তন গোয়েন্দা নিজেই যখন রাষ্ট্রের চোখে অপরাধী

প্রাক্তন গোয়েন্দা নিজেই যখন রাষ্ট্রের চোখে অপরাধী
×

মনোজ বাজপেয়ী। ছবি: ট্রেলার থেকে

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ১৫:১৫ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ | ১৫:১৬

তিন বছরের অপেক্ষার পর জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের ট্রেলার প্রকাশিত হয়েছে। এবারও কেন্দ্রীয় চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় দেখা যাচ্ছে মনোজ বাজপেয়ীকে। তবে নতুন সিজনে তাঁকে দেখা যাবে এক ভিন্ন বাস্তবতায়; যেখানে প্রাক্তন গোয়েন্দা নিজেই রাষ্ট্রের চোখে অপরাধী। 

শুক্রবার মুম্বাইয়ে অ্যামাজন প্রাইম ভিডিওর আয়োজনে ট্রেলারটি উন্মোচন করা হয়। সেখানে দেখা যায়, শ্রীকান্ত নিজেই স্ত্রী-সন্তানকে জানাচ্ছেন যে তিনি একজন গুপ্তচর।

একই সময়ে সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে, তিনি এখন দেশের ‘ওয়ান্টেড ক্রিমিনাল’। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই শুরু হয় তাঁর পলাতক জীবন। এই যাত্রায় তাঁর একমাত্র ভরসা পুরোনো সহকর্মী জে কে (শারিব হাশমি)।

নতুন সিজনে মূল প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছেন নিমরাত কৌর; তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক মাস্টারমাইন্ডের চরিত্রে। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন উত্তর-পূর্ব ভারতের এক প্রভাবশালী মাদকচক্রের নেতা। চরিত্রায়ণে জয়দীপ আহলাওয়াত। গল্পের মূল সংঘাত ঘুরবে এই মাদকচক্র, গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় নিরাপত্তার জটিল সমীকরণকে ঘিরে।

পরিচালকজুটি রাজ ও ডি কে জানিয়েছেন, তিন বছর সময় নিয়ে তৈরি করা হয়েছে এই সিজন। তাদের ভাষায়, ‘দর্শকের দীর্ঘ প্রতীক্ষা যেন সার্থক হয়, সে চেষ্টা করেছি। আগের চেয়ে এবার গল্পে আরও বেশি অ্যাকশন, টেনশন ও আবেগ রয়েছে।’

ট্রেলার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা যায় ভক্তদের মধ্যে। কেউ লিখেছেন, ‘শ্রীকান্ত-জে কে জুটির কথোপকথনই সিরিজের প্রাণ।’ আবার কারও মন্তব্য, ‘মনোজ বাজপেয়ি বরাবরের মতোই দুর্দান্ত, তবে জয়দীপ আহলাওয়াত নজর কাড়বেন নিশ্চিত।’

আগের সিজনগুলোর মতো এবারও অভিনয় করছেন প্রিয়মণি, অশ্লেষা ঠাকুর, শ্রেয়া ধনওয়ন্তরী, গুল পনাগ ও বেদান্ত সিনহা। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজন মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর, অ্যামাজন প্রাইম ভিডিওতে। 

 

আরও পড়ুন

×