নেপোটিজম বিতর্কে নাম বাদ দিলেন করণ জোহর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৫:১১ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৫:২১
পয়লা আগস্টমুক্তি পেয়েছে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমার ট্রেলার। ছবিটির প্রযোজক বলিউড নির্মাতা করণ জোহর। কোন ছবিটির প্রকাশিত ট্রেলারের কোথাও করণের দাম দেখা যায়নি।
সুশান্ত সিং রাজপূতের আত্মহত্যার পর বলিউড পাড়ায় নেপোটিজম নিয়ে সরব হয়। এতে করে সালমান খান ও করণ জোহরের নাম সর্বাগ্রে চলে আসে। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবিটির প্রযোজক যেহেতু করণ । তার নাম উল্লেখ থাকলে হয়তো আলিয়া ভাট-এর ‘সড়ক ২’র মতোই নেটিজেনরা এই ছবিকেও বয়কটের ডাক দিতে পারে! ধারণা করা হচ্ছে সেই জায়গা থেকেই হয়তো ট্রেলার থেকে বাদ দেওয়া হয়েছে করণের নাম।
এমনিতেই ধড়ক-এর পর বছর দুয়েক বাদে জাহ্নবী ফিরছেন পর্দায়, সেখানে ছবি মুক্তির দায়িত্ব গিয়েছে নেটফ্লিক্সের হাতে। উপরন্তু ছবির প্রযোজককে নিয়ে বেজায় চটে রয়েছেন নেটিজেনরা। তাই বাণিজ্যিক দিক থেকে প্রভাব পড়ার আশঙ্কাতেই হয়তো কোনওরকম ঝুঁকি নিতে চায়নি কেউই। তার রেশ ধরেই অদ্ভূতভাবে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’-এর ট্রেলার থেকে বাদ পড়েছে করণ জোহরের নাম। যেখানে আগের পোস্টারগুলোতে এখনও অবধি প্রযোজকের নাম জ্বলজ্বল করছে! তা নেপোটিজমই কি মূল কারণ করণের নাম যাওয়ার নেপথ্যে? এমন প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছেন।

এর আগে করণ জোহরকে নেপোটিজমের ‘ঝান্ডাধারী’ বলে বাণ ছুঁড়েছিলেন কঙ্গনা রানাউত । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই প্রসঙ্গ ফের জোরালো হয়েছে। বলিউডের স্বজনপোষণ নিয়ে বিতর্কের জল এতদূর গড়িয়েছে যে তাতে একের পর এক ডাকসাইটে তারকাদের নাম জড়িয়েছে। কেউ সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন তো কেউ বা আবার প্রকাশ্যে বাক-বিতণ্ডায় জড়াতে, টিটকিরি করতেও ছাড়ছেন না! করণের বিরুদ্ধে অভিযোগ, স্টারকিডদের প্রতিভা না থাকা সত্ত্বেও তিনি তাদের সিনেমায় সুযোগ করে দেন। এমনকী ইন্ডাস্ট্রির ‘আউটসাইডার’দের ফোনও তিনি ধরতে চান না। এই অভিযোগ কিন্তু শুধু সুশান্ত নয়, আয়ুষ্মান খুরানার মতো অভিনেতাও করেছেন। করণের ছবির হাত ধরেই যেখানে অনায়াসে আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের মতো তারকাসন্তানেদর ব্রেক দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিতে, সেখানে কোনও বহিরাগতদের কেন সুযোগ করে দেওয়া হয় না? এই প্রশ্ন উঠেছে বহুবার।